উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের চলমান সংকট ও সরকারের কর্মকাণ্ড নিয়ে কথা বলার ক্ষেত্রে বাস্তবতা বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কোনো বিষয় অতিরঞ্জিত না করা এবং সমাজে বিদ্যমান ধারণাকেও অস্বীকার না করে যৌক্তিক ও তথ্যভিত্তিক বক্তব্যের মাধ্যমে সরকারের অবস্থান তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন বলে সভায় অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন।
মতবিনিময় সভায় টকশোসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে কথা বলেন—এমন ব্যক্তিরাও অংশ নেন। দেশের বিদ্যমান সংকট, সরকারের কর্মকাণ্ড, জনমনে তৈরি হওয়া বিভিন্ন ধারণা এবং এসব বিষয়ে সরকারের অবস্থান কীভাবে মানুষের কাছে তুলে ধরা হবে, তা নিয়ে আলোচনা হয়। সভায় অংশ নেওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, সরকারের বেশ কয়েকজন মন্ত্রী-এমপি, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক, বুদ্ধিজীবী ও আইনজীবীসহ বিভিন্ন পেশার অন্তত ১০০ জন এতে উপস্থিত ছিলেন। বিএনপির দায়িত্বশীল নেতারাও সভায় অংশ নেন।
মতবিনিময়ে অংশ নেওয়া সরকার ও দলের গুরুত্বপূর্ণ ভূমিকার সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, প্রধানমন্ত্রী সরকারের অবস্থান দেশবাসীর সামনে পরিষ্কারভাবে তুলে ধরার ওপর জোর দিয়েছেন। তবে কোনো বিষয় বাড়িয়ে বলা বা অতিরঞ্জিত করার বিষয়ে সতর্ক করেছেন তিনি।
ওই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, তারেক রহমান বলেছেন, কোনো কিছু অতিরঞ্জিত করা যাবে না। একই সঙ্গে সমাজে বিদ্যমান ধারণাকেও অস্বীকার করা যাবে না। মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়ে বাস্তবতার নিরিখে বক্তব্য দিতে হবে। টকশো হোক বা অন্য কোনো মাধ্যমে—যা বলা হবে, তা যৌক্তিক ও তথ্যভিত্তিক হতে হবে।
বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা বলেন, সরকারের উদ্যোগ ও প্রচেষ্টাকে এগিয়ে নিতে সবার সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। ওই নেতার ভাষ্য, তারেক রহমান বলেছেন, তিনি একা সবকিছু করতে পারবেন না। সরকারের প্রতি মানুষের ইতিবাচক ধারণা থাকলেও শুধু সেটি যথেষ্ট নয়। সরকারের কার্যক্রম এগিয়ে নিতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন এবং সরকারের উদ্যোগগুলো যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে।
আলোচনায় বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের কাজ ও অবস্থান ব্যাখ্যার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় অংশ নেওয়া ব্যক্তিরা জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল বার্তা ছিল—সরকারের উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দিতে হলে তা হতে হবে বাস্তবসম্মত, যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক। একই সঙ্গে জনমনে থাকা প্রশ্ন, উদ্বেগ ও ধারণাগুলো পাশ কাটিয়ে না গিয়ে সেগুলো বিবেচনায় নিয়ে বক্তব্য দিতে হবে।
মতবিনিময়ে অংশ নেওয়া আরেক নেতা বলেন, বিভিন্ন সময়ে টকশোতে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। এসবের জবাব দিতে তথ্য ও উপাত্ত প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।