উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কনসার্ট না করার দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। এ দাবিতে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। স্মারকলিপিতে সংগঠনটি বলেছে, ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতি জড়িত। আগামী ১৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছে। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ আনন্দঘন হলেও আয়োজনটি যেন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, অতীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফলে নতুন করে এ ধরনের আয়োজন নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য ফুজায়েল আহমেদ খান বলেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষে মাদরাসার শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন। সেই ঘটনার এক মাসের মধ্যেই আবার কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হলে তা নিয়ে তাদের আপত্তি রয়েছে। তিনি আরও দাবি করেন, কয়েক বছর আগে নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক ছাত্রী ইভটিজিংয়ের শিকার হওয়ার অভিযোগের পর কনসার্ট বন্ধ করা হয়েছিল। এ ধরনের পরিস্থিতি যেন পুনরায় তৈরি না হয়, সে বিষয়েও তারা উদ্বেগ জানিয়েছেন।
তবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ওবায়দুল হক বলেন, কওমি ছাত্র ঐক্য পরিষদের স্মারকলিপি দেওয়ার বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তিনি বলেন, ‘ওনারা আমাদের কাছে আসেননি। যদি আমাদের অবগত করেন এবং পরামর্শ দেন, আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।’ অধ্যক্ষ জানান, কলেজে শুধু কনসার্ট নয়, নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ—এই তিনটি কর্মসূচি রয়েছে। তাঁর ভাষায়, ‘এটা ওভাবে কনসার্ট না, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব।’
এর আগে গত ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।উচ্চশব্দে গান বাজানো নিয়ে পার্শ্ববর্তী জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে গড়ায়। এতে পুলিশ সদস্যসহ মাদরাসার কয়েকজন শিক্ষার্থী আহত হন।
মাদরাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছিল, পরদিন তাদের পরীক্ষা থাকায় উচ্চশব্দে গান বাজানোর কারণে পড়াশোনায় সমস্যা হচ্ছিল। এ ঘটনায় অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, শব্দের মাত্রা, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ এবং জননিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।এর আগে গত ৩০ মে কওমি শিক্ষার্থীদের বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনীও বন্ধ হওয়ার ঘটনা ঘটে।
এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তি এবং কলেজ কর্তৃপক্ষের অবস্থান—দুই পক্ষের বক্তব্যই এখন সামনে এসেছে। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত কীভাবে আয়োজন করা হবে, সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকেই নজর থাকবে।