উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতি বাহিনীর আকস্মিক অগ্রযাত্রায় প্রায় ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। পুরো গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। সম্মুখযুদ্ধের কাছাকাছি আটকা পড়া অনেক পরিবার খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর সংকটে রয়েছে বলে জানিয়েছে ত্রাণকর্মীরা। দীর্ঘদিনের সংঘাত থেকে পুরোপুরি বেরিয়ে আসতে না পারা ইয়েমেন আবারও বড় ধরনের যুদ্ধের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ ও বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত তাইজ ও হোদেইদাহ গভর্নরেটে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেক পরিবারের জন্য এটি দ্বিতীয় বা তৃতীয়বারের মতো বাড়িঘর ছাড়ার ঘটনা। এই সপ্তাহে ইরান-সমর্থিত হুতি বাহিনী লোহিত সাগর উপকূলের বেশ কয়েকটি শহর ও গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়েছে। এসব এলাকা এত দিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দরনগরীর পতন পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। মোখা ঐতিহাসিকভাবে কফি বাণিজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি বন্দরনগরী। আইওএমের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মুখপাত্র জো লোরি বলেন, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। গোলাবর্ষণ ও সম্মুখযুদ্ধের অগ্রগতির কারণে অনেকে অল্প কিছু জিনিসপত্র নিয়েই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
সংস্থাটির হিসাবে, বাস্তুচ্যুত মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজনের মধ্যে রয়েছে জরুরি আশ্রয়, নগদ সহায়তা, খাদ্য, বিশুদ্ধ পানি, গৃহস্থালি সামগ্রী, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা।
মোখা থেকে পালিয়ে আসা ৪৬ বছর বয়সী এক ব্যক্তি এএফপিকে জানান, রাতের আঁধারে শহর ছাড়ার সময় পরিস্থিতিকে তাঁর কাছে ‘ভয়াবহ’ মনে হয়েছে। অন্যদিকে, দক্ষিণাঞ্চলের সরকার-নিয়ন্ত্রিত এডেনের দিকে পালিয়ে যাওয়া এক ব্যক্তি অভিযোগ করেছেন, পালানোর সময় কিছু পরিবার লুটপাটের শিকার হয়েছে।
হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি তাদের অবস্থান শক্তিশালী করার সম্ভাবনা। এ প্রণালি এশিয়া ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথের একটি প্রধান প্রবেশদ্বার। প্রায় ২০ মাইল প্রশস্ত এই জলপথ ইয়েমেন ও আফ্রিকার পূর্ব উপকূলের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। বৈশ্বিক বাণিজ্যের জন্য এর কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। হুতিরা যদি কোনোভাবে এই নৌপথ বন্ধ বা কার্যত অচল করে দিতে সক্ষম হয়, তাহলে জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হবে। এতে সমুদ্রপথে হাজার হাজার অতিরিক্ত নটিক্যাল মাইল যোগ হতে পারে এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ইয়েমেনের সাম্প্রতিক সংঘাতের প্রভাব এরই মধ্যে জ্বালানি বাজারেও পড়ছে। যুদ্ধের তীব্রতার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর কয়েক বছর তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় ছিল। সাম্প্রতিক সংঘাতকে সেই আপেক্ষিক শান্তির পর সবচেয়ে বড় সহিংসতার ঘটনা হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে সতর্ক করে বলেছেন, দেশটি যুদ্ধের ‘নতুন ও আরও বিপজ্জনক পর্যায়ে’ প্রবেশ করেছে।
তাঁর মতে, নতুন করে শুরু হওয়া যুদ্ধ ইয়েমেনকে দীর্ঘ ও বিস্তৃত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। একই সঙ্গে এটি দেশটিকে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের মধ্যেও টেনে নিতে পারে, যার প্রভাব ইয়েমেনের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ইয়েমেনের সংঘাত দীর্ঘদিন ধরেই আঞ্চলিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হয়ে আছে। সৌদি আরব, ইরান ও সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন সময়ে ইয়েমেনের সংঘাতকে নিজেদের আঞ্চলিক স্বার্থের সঙ্গে যুক্ত করেছে। এর ফলে বিভিন্ন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর প্রভাবও বেড়েছে।
যুক্তরাষ্ট্রও দীর্ঘদিন ইয়েমেনে আল-কায়েদার বিরুদ্ধে নিরাপত্তাকেন্দ্রিক অভিযান পরিচালনা করেছে। তবে ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা নিয়ন্ত্রণে নেওয়ার আগ পর্যন্ত হুতি বিদ্রোহকে একই মাত্রায় গুরুত্ব দেওয়া হয়নি—এমন সমালোচনা রয়েছে।
এদিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ার সঙ্গে ইয়েমেনের মানবিক সংকটও আরও গভীর হচ্ছে। জাতিসংঘের সাম্প্রতিক মানবিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার কোটি মানুষের দেশটিতে অপুষ্টির সংকট আরও বাড়ছে এবং দেশের প্রায় অর্ধেক মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখে রয়েছে।
দীর্ঘস্থায়ী সংঘাত, অর্থনৈতিক অবনতি, বাস্তুচ্যুতি, জলবায়ুজনিত দুর্যোগ এবং আঞ্চলিক উত্তেজনা সাধারণ মানুষের জীবন-জীবিকার সক্ষমতা দুর্বল করে দিয়েছে। একই সময়ে মানবিক সহায়তার অর্থায়ন কমে যাওয়ায় প্রয়োজনের তুলনায় ত্রাণ কার্যক্রমও সীমিত হয়ে পড়ছে।
লোহিত সাগর উপকূলে সর্বশেষ সংঘাত থেকে পালিয়ে আসা মানুষের কাছে যুদ্ধ এখন কেবল ভূরাজনৈতিক হিসাব নয়—এটি ঘরবাড়ি, খাদ্য ও নিরাপত্তা হারানোর বাস্তবতা।
খোকহার কাছাকাছি একটি বাস্তুচ্যুত শিবিরে আশ্রয় নেওয়া মোহাম্মদ খুদাইরি বলেন, হামলা এখনও চলছে। তাঁরা পালিয়ে আসতে পারলেও অনেকে এখনো সংঘাতপূর্ণ এলাকায় আটকা পড়ে আছেন।