উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আধুনিক নগরায়নের মাধ্যমে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পাবনা শহর গড়ে তোলার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে স্কয়ার, ব্র্যাক ও পাবনা পৌরসভার মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাবনা পৌরসভার আয়োজনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীসহ প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, ‘পাবনা আমার শহর, এই শহরের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই জেলার উন্নয়নে যা করা দরকার, আমরা সবাই মিলে তা করতে চাই।’ তিনি বলেন, ‘শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা প্রশাসনের পক্ষে শহরের চিত্র পরিবর্তন করা সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। মানুষের সচেতনতা বাড়াতে পারলে একটি পরিচ্ছন্ন ও আধুনিক পাবনা গড়ে তোলা সম্ভব।’
বক্তারা বলেন, আধুনিক শহরের জন্য কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, নিয়মিত বর্জ্য অপসারণ এবং নাগরিকদের সচেতনতা নিশ্চিত করা গেলে শহরের পরিবেশ অনেকটাই সুন্দর রাখা সম্ভব। তাঁরা বলেন, শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু পৌরসভা বা সরকারের নয়; নাগরিকদেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিবর্তন সম্ভব নয়, বরং নাগরিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে টেকসই পরিবর্তন আনতে হবে। অনুষ্ঠানে অতিথিরা পাবনা শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে পারস্পরিক সহযোগিতা, নাগরিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তাঁদের প্রত্যাশা, এই ত্রিপক্ষীয় উদ্যোগ শহরের পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আবু আশরাফ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, ব্র্যাকের পিএইচইডি লিয়াকত আলী, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, রাজনৈতিক নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন। বক্তারা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পাবনা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।