উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার সাঁথিয়া পৌর সদরের বোয়ালমারি বাজারে দুটি সারের গোডাউনে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি গোডাউনে থাকা প্রায় ৪০০ বস্তা ডিএপি সার সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারি বাজারে পেট্রোল পাম্পের পাশে অবস্থিত দুটি সারের গোডাউনে অভিযান পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ। অভিযানকালে একটি বিএডিসি অনুমোদিত ডিলারের গোডাউনে রেজিস্ট্রার না থাকা এবং গোডাউন যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। অপর গোডাউনে কোনো লাইসেন্স না থাকা এবং সেখানে প্রায় ৪০০ বস্তা ডিএপি সার মজুত রাখার তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়। ভ্রাম্যমাণ আদালত একটি গোডাউনের ডিলার আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা এবং অপর ডিলার নজরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করেন। দুই মামলায় মোট জরিমানার পরিমাণ ১ লাখ ৩০ হাজার টাকা। এ ছাড়া অবৈধভাবে মজুত করা প্রায় ৪০০ বস্তা সার কৃষি অফিসের মাধ্যমে একজন উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও সেলিম আহমেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।