উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী কয়েকজন নারী ব্রিটিশ পুরুষদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। তবে আশ্রয়প্রার্থীদের একটি অংশ বলছেন, পুলিশে অভিযোগ করে ফৌজদারি মামলা করলে তাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হতে পারে—এমন আশঙ্কায় তাঁরা আইনি পদক্ষেপ নিতে ভয় পাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আশ্রয়প্রার্থী নারীদের যৌন নিপীড়নের ঘটনা তুলনামূলকভাবে কম প্রকাশ্যে আসে। একই সময়ে যুক্তরাজ্যে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করছে।
প্রতিবেদনে এমন তিন নারীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তাঁদের একজন ধর্মীয় নিপীড়ন ও পারিবারিক সহিংসতা থেকে পালিয়ে যুক্তরাজ্যে এসে দুই বছর একটি আশ্রয়কেন্দ্রের হোটেলে ছিলেন। তাঁর অভিযোগ, ওই হোটেলের এক কর্মী প্রথমে তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ ও হয়রানি করতেন। পরে ওই ব্যক্তি নিয়মিত তাঁর কক্ষে যাওয়া শুরু করেন এবং হোটেলের ডাটাবেস থেকে তাঁর ফোন নম্বর নিয়ে ব্যক্তিগত নম্বর থেকে যৌন সম্পর্কের প্রস্তাব পাঠাতে থাকেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর তাঁকে অন্য হোটেলে স্থানান্তর করা হয়।
আরেক ইরানি নারী যুক্তরাজ্যে আসার পর হিথরোর কাছে একটি হোটেলে আশ্রয় পান। তাঁর অভিযোগ, ওই হোটেলের এক নিরাপত্তাকর্মী তাঁকে ধর্ষণ করেন। তিনি হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও পুলিশের কাছে আনুষ্ঠানিক বক্তব্য দিতে ভয় পান। তাঁর আশঙ্কা ছিল, পুলিশে অভিযোগ করলে তাঁর আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। পরে তাঁকে অন্য একটি হোটেলে স্থানান্তর করা হয়।
তৃতীয় ঘটনায় উগান্ডার এক সমকামী আশ্রয়প্রার্থী নারী অভিযোগ করেন, নিজের যৌন পরিচয়ের কারণে নিজ দেশে কারাবন্দি বা হত্যার আশঙ্কায় তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু আইনি সহায়তার জন্য আইনজীবী খুঁজে পেতে ব্যর্থ হওয়ার পর এক ব্যক্তিগত অভিবাসন আইনজীবী তাঁর অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে যৌন সম্পর্ককে পারিশ্রমিক হিসেবে দাবি করেন বলে ওই নারী অভিযোগ করেন। প্রতিবেদন অনুযায়ী, তিন নারীই পরবর্তীতে যুক্তরাজ্যে শরণার্থী মর্যাদা পেয়েছেন। তবে আশ্রয়প্রার্থীদের আবাসন ব্যবস্থায় যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনা প্রকৃত সংখ্যার তুলনায় কম রিপোর্ট হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের হোম অ্যাফেয়ার্স কমিটির এক তদন্তেও আশ্রয়প্রার্থীদের আবাসন ব্যবস্থায় নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থার ঘাটতির কথা উঠে এসেছে। ব্রিটিশ রেড ক্রস তদন্তে এমন ঘটনাও জানিয়েছে, যেখানে এক হোটেলকর্মী রাতে এক নারী গোসল করার সময় তাঁর কক্ষে প্রবেশের চেষ্টা করেছিলেন। একটি হোটেলে ‘ব্যাপক যৌন হয়রানির সংস্কৃতি’ থাকার অভিযোগও তদন্তে উঠে আসে। নারী আশ্রয়প্রার্থীদের নিয়ে কাজ করা সংগঠন Women for Refugee Women বলেছে, নারীদের বিরুদ্ধে সহিংসতাকে ব্যবহার করে আশ্রয়প্রার্থীদের demonise বা হেয় করা বিপজ্জনক। তাদের মতে, যৌন সহিংসতা কোনো নির্দিষ্ট জাতীয়তা বা অভিবাসন-পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি বিস্তৃত ও কাঠামোগত সমস্যা। Rape Crisis England & Wales-এর প্রধান নির্বাহী সিয়ারা বার্গম্যানও যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী নারীদের যৌন সহিংসতা, নির্যাতন ও শোষণ থেকে সুরক্ষায় যথাযথ ব্যবস্থা না থাকার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।
তবে আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে যৌন অপরাধ নিয়ে রাজনৈতিক বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিকও প্রতিবেদনে উঠে এসেছে। আশ্রয়প্রার্থীদের কেউ কেউ গুরুতর যৌন অপরাধে দোষী সাব্যস্ত হলেও, আশ্রয়প্রার্থীদের দ্বারা সংঘটিত অপরাধের সামগ্রিক চিত্র তুলে ধরার মতো কোনো পূর্ণাঙ্গ প্রকাশিত সরকারি তথ্য নেই বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আশ্রয়প্রার্থীদের আবাসনে এ ধরনের অভিযোগ মোকাবিলায় নির্দিষ্ট নির্দেশনা রয়েছে। অভিযোগ পাওয়ার পর সম্ভাব্য ভুক্তভোগীর তাৎক্ষণিক ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজনীয় সহায়তা এবং সুরক্ষামূলক ব্যবস্থা বিবেচনার কথা এসব নির্দেশনায় বলা হয়েছে।
প্রতিবেদনটি একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এনেছে—আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ যেমন রাজনৈতিক প্রচারণায় ব্যবহৃত হচ্ছে, তেমনি আশ্রয়প্রার্থী নারীদের বিরুদ্ধে সংঘটিত যৌন সহিংসতার অভিযোগও যথাযথভাবে সামনে আসছে না। ফলে অপরাধের অভিযোগকে জাতীয়তা বা অভিবাসন-পরিচয়ের সঙ্গে এক করে দেখার পরিবর্তে প্রতিটি ঘটনার পৃথক তদন্ত ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় প্রশ্ন।