উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর লড়াই নতুন করে তীব্র হয়েছে। কৌশলগত বন্দরনগরী মোখা ও বাব আল-মান্দাব প্রণালির গুরুত্বপূর্ণ অংশে হুতিদের অগ্রযাত্রার পর বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। সৌদি আরবও হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার হুতিরা মোখা এবং শুক্রবার মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার পর লোহিত সাগরের উপকূলীয় এলাকায় তাদের অবস্থান আরও শক্ত হয়েছে। এর ফলে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ বাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
হুতিদের দাবি, গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনে সৌদি আরব ১০০টির বেশি বিমান হামলা চালিয়েছে। পরে হুতি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেন, হামলার সংখ্যা ১২৯টি।
তবে সৌদি নেতৃত্বাধীন জোট আনুষ্ঠানিকভাবে এসব বিমান হামলার দায় স্বীকার করেনি। আল জাজিরার বিশ্লেষকদের মতে, সৌদি আরব হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে বিমান সহায়তা দিচ্ছে।
শনিবার ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, লোহিত সাগর উপকূলজুড়ে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সরকারি সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে দাবি করা হয়, মোখা বন্দরের কাছে হুতিদের যানবাহন ও অস্ত্র ধ্বংস এবং কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে। সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নাজিলির বরাত দিয়ে বলা হয়েছে, মোখা-ধুবাব সড়কেও হুতিদের যানবাহন ও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
রোববার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) সদস্য ও মারিবের গভর্নর সুলতান আল-আরাদা বলেন, পশ্চিম উপকূল থেকে পিছু হটা সরকারি বাহিনী বর্তমানে মারিবে পুনর্গঠিত হচ্ছে। পরে তারা আবার যুদ্ধক্ষেত্রে ফিরবে।
সাবা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উপকূলীয় এলাকায় সাম্প্রতিক পরিস্থিতিকে ‘বেদনাদায়ক ও দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তাঁর দাবি, হুতিরা শান্তি প্রক্রিয়া বন্ধ করে আবার যুদ্ধের পথ বেছে নিয়েছে।
আল-আরাদা বলেন, সরকারি বাহিনী বিভিন্ন ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত রাজধানী সানা পুনর্দখলই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
এদিকে ইয়েমেনের সামরিক বাহিনীর রিজার্ভ ন্যাশনাল শিল্ড ফোর্সের ষষ্ঠ ব্রিগেড আল-আগবারা এলাকায় সংঘর্ষের সময় পাঁচটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
ইয়েমেনের সাম্প্রতিক সংঘর্ষের প্রধান কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে পশ্চিম উপকূল, তাইজ, মারিব, আল-জাওফ ও ধালেয়া। মোখা ও হোদেইদাহসহ পশ্চিম উপকূলীয় এলাকায় হুতিদের অগ্রযাত্রা এবং গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে। পাহাড়ি অঞ্চল তাইজেও সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। অন্যদিকে মারিব ও প্রতিবেশী আল-জাওফ এলাকায় সরকারি বাহিনী তাদের নিয়ন্ত্রিত অঞ্চল ধরে রাখার পাশাপাশি নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। হুতি নিয়ন্ত্রিত উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল ধালেয়াতেও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
ইয়েমেনের সংঘাত দেশের সীমান্ত ছাড়িয়ে সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে হুতিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে।
হুতিদের দাবি, রোববার তারা সৌদি আরবের নাজরান প্রদেশের শারুরাহ এলাকায় একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তাদের সামরিক মুখপাত্রের দাবি, ওই হামলায় অস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টার লক্ষ্য করা হয়।
এর আগে সৌদি আরবের আভা, খামিস মুশাইত, জিজান ও নাজরান শহরের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতি হামলার ঘটনায় ৭৩ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। আহতদের মধ্যে নারী ও শিশুও ছিল।
রোববার সৌদি সিভিল ডিফেন্স জানায়, জিজান অঞ্চলে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে দুজন আহত হয়েছেন। একটি মসজিদ ও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।
নতুন করে সংঘাত তীব্র হওয়ায় ইয়েমেনের মানবিক পরিস্থিতিও আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকে সংঘাতের কারণে ৮২ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজারের বেশি ইয়েমেনি প্রতিবেশী জিবুতিতে পৌঁছেছেন।
আইওএম ইয়েমেনের প্রধান আবদুসসাত্তোর এসোয়েভ আল জাজিরাকে বলেন, মোখা হুতিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় সেখানে সহায়তা সংস্থাগুলোর মানুষের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়েছে।
বিশ্লেষক মোহাম্মদ আল-বাশার মতে, সরকারি বাহিনীর অভ্যন্তরীণ বিভাজন হুতিদের দ্রুত অগ্রযাত্রার অন্যতম কারণ। তাঁর ভাষ্য, একাধিক বাহিনী পৃথক কমান্ড ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় থাকলে হুতিদের পরাজিত করা কঠিন।
তিনি বলেন, বিমান হামলা হুতিদের অগ্রযাত্রা ধীর করতে পারে, কিন্তু স্থলবাহিনী ছাড়া বড় ধরনের সামরিক সাফল্য অর্জন কঠিন।
তাঁর মতে, হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে সৌদি আরবের ওপর চাপ বাড়ছে। তবে এমন অভিযানের সাফল্য অনেকটাই নির্ভর করবে ইয়েমেনের স্থলবাহিনীর সক্ষমতার ওপর।
হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রাকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যমে ইয়েমেনের পশ্চিম উপকূলে হুতিদের সাফল্যকে প্রশংসা করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মুখপাত্র হোসেইন মোহেব্বি হুতিদের অগ্রযাত্রাকে ‘বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুতিদের সামরিক কর্মকাণ্ডকে সরাসরি তেহরানের নির্দেশনার সঙ্গে যুক্ত করার ধারণা প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, হুতিরা নিজেদের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। ইরান একই সঙ্গে হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোর ওপর সৌদি অবরোধ বন্ধ, রিয়াদের সঙ্গে আলোচনায় ফিরে যাওয়া এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।
ইয়েমেনে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় বড় ধরনের লড়াই কমে এলেও চলতি মাসে আবার ব্যাপক সংঘাত শুরু হয়েছে। নতুন করে হুতিদের অগ্রযাত্রা এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনীর পাল্টা প্রতিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষক আল-বাশার মনে করেন, দ্রুত কোনো পক্ষের পতনের সম্ভাবনা কম। বরং সংঘাত দীর্ঘস্থায়ী হয়ে শেষ পর্যন্ত দুই পক্ষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারে।
ইয়েমেনের এই নতুন সংঘাত শুধু দেশটির অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয়; লোহিত সাগর ও বাব আল-মান্দাবের মতো গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তার সঙ্গেও এটি সরাসরি যুক্ত হয়ে পড়েছে।