উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) নতুন ভবনের একটি লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন পড়ে আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফটে এ অগ্নিকাণ্ড ঘটে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফটে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সদর ফায়ার স্টেশনের একটি ইউনিটও হাসপাতালে যায়।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে প্রচণ্ড ধোঁয়া ছিল। অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক কারণ জানা যায়নি। আগুনের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয় এবং কয়েকজন পড়ে আহত হন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হবে।
এদিকে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং চিকিৎসাসেবা কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।