উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের মদিনা অঞ্চলে বিপুল পরিমাণ দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান পাওয়া গেছে। দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান জানিয়েছেন, নতুন আবিষ্কৃত এসব সম্পদের পরিমাণ আনুমানিক ১১ কোটি টন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনে সৌদি জ্বালানিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, মদিনা অঞ্চলের জাবাল সাঈদ এলাকায় পরিচালিত ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানের সময় ভারী দুর্লভ মৃত্তিকা খনিজ উপাদান এবং উল্লেখযোগ্য ঘনত্বের ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে।
বিপুল এই খনিজ সম্পদ আবিষ্কারের কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়। গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান ওই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিটির মাধ্যমে মার্কিন প্রযুক্তি ও বিনিয়োগের সহায়তায় সৌদি আরবের পারমাণবিক খাত সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ২০২৫ সালের নভেম্বরের যুক্তরাষ্ট্র সফরের পর দুই দেশের মধ্যে খনিজ খাতেও সহযোগিতা বাড়ে। ওই সফরের সময় সৌদি রাষ্ট্রীয় খনি প্রতিষ্ঠান মাআদেন এবং মার্কিন কোম্পানি এমপি ম্যাটেরিয়ালস একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে।
চুক্তির আওতায় সৌদি আরবে একটি নতুন খনিজ প্রক্রিয়াজাতকরণ কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে। কারখানাটির ৪৯ শতাংশ অর্থায়নে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সম্মত হয়েছে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়।
জেদ্দা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত জাবাল সাঈদ খনি দীর্ঘদিন ধরেই সমৃদ্ধ খনিজ সম্পদের জন্য পরিচিত।
‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর বিশ্লেষণ অনুযায়ী, এই অঞ্চলে আনুমানিক ৫ লাখ ৫২ হাজার টন ভারী দুর্লভ মৃত্তিকা খনিজ এবং ৩ লাখ ৫৫ হাজার টন হালকা দুর্লভ মৃত্তিকা খনিজ রয়েছে। একই এলাকায় প্রায় ৩১ হাজার টন ইউরেনিয়াম মজুত থাকার তথ্যও উঠে এসেছে।
সিএসআইএসের বিশ্লেষণে বলা হয়েছে, এসব খনিজ সম্পদের বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ১০০ বিলিয়ন ডলার। ২০১৮ সালের তুলনায় এই মূল্য প্রায় ৯০ শতাংশ বেশি।
এ ছাড়া সৌদি আরবের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আরও দুটি সম্ভাবনাময় খনিজ অঞ্চল শনাক্ত করেছে। এসব অঞ্চলের সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ৬৪ কোটি ৪০ লাখ টন বলে তথ্য পাওয়া গেছে।
দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়াম—দুটিই বর্তমান বৈশ্বিক অর্থনীতি ও কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্পদ। বৈদ্যুতিক গাড়ি, উন্নত প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের উচ্চপ্রযুক্তির পণ্য উৎপাদনে দুর্লভ মৃত্তিকা খনিজের ব্যবহার রয়েছে। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম গুরুত্বপূর্ণ জ্বালানি।
ফলে মদিনা অঞ্চলে বিপুল এই সম্পদের সন্ধান সৌদি আরবের খনিজ ও জ্বালানি খাতে দেশটির বৈশ্বিক গুরুত্ব আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে শিল্পায়ন, প্রযুক্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।