উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাত ধাপের সম্ভাব্য তারিখ নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করলেও এ বিষয়ে সরকার কিছুই জানে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশনের ঘোষিত ইউপি নির্বাচনের বিভিন্ন ধাপের তারিখের খবর তারা দেখেছেন। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ বা আলোচনা হয়নি।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতিমূলক সভা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বাজেটসহ বিভিন্ন বিষয় জড়িত থাকে। কিন্তু নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
‘সরকার এ ব্যাপারে কিছু জানে না’—বলেন তিনি।