উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কোনো ধরনের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে আগাম প্রতিরোধমূলক কৌশল নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কোনো এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বা ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন বলে জানা গেছে।
ডিএমপি সূত্রের বরাত দিয়ে জানা যায়, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার প্রচলিত পদ্ধতির পরিবর্তে সম্ভাব্য অপতৎপরতা আগেই ঠেকানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে রাজধানীর প্রবেশমুখে কঠোর ব্লক চেক, স্পটভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা এবং আবাসিক হোটেলের অতিথি তালিকা সংরক্ষণের মাধ্যমে বহিরাগতদের চলাচল পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার কর্মকর্তাদের বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং ছাত্রলীগও সংগঠন হিসেবে নিষিদ্ধ। নিষিদ্ধ এসব সংগঠনের কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া যাবে না।
তিনি নির্দেশ দেন, কোনো অপরাধ বিভাগের এলাকায় বা থানায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কিংবা ঝটিকা মিছিল হলে সংশ্লিষ্ট অপরাধ বিভাগের উপকমিশনার (ডিসি) ও থানার ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনার বলেন, এ ক্ষেত্রে বাহিনীর কাউকেই ছাড় দেওয়া হবে না।
কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, থানার অভ্যন্তরীণ পরিবেশ ও এলাকার স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা ওসির দায়িত্ব। এ বিষয়ে ওসির জবাবদিহি নিশ্চিত করা হবে।
ডিএমপির একজন অতিরিক্ত কমিশনারের বক্তব্য অনুযায়ী, অপরাধীদের প্রতি কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে টহল ও চেকপোস্ট আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সার্বক্ষণিক তৎপর থাকার কথাও বলা হয়েছে।
পুলিশের মূল লক্ষ্য রাজধানীর রাজপথে অপরাধ ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।