উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী বাতিল অথবা তা উল্লেখযোগ্যভাবে সংশোধনের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
সংগঠনটির অভিযোগ, প্রস্তাবিত সংশোধনীতে কর্তৃপক্ষের কাছে ‘অযাচাইকৃত’ বা ‘ভুল তথ্য’ প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে কোনো সংবাদমাধ্যম আইন লঙ্ঘন করেছে বলে বিবেচিত হলে তার কার্যক্রম পরিচালনার লাইসেন্স স্থগিত বা বাতিলের সুযোগও তৈরি হতে পারে। এসব বিধান সংবাদপত্রের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে সিপিজে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচিত কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে পরামর্শ সভায় প্রস্তাবিত সংশোধনী নিয়ে আলোচনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সভায় অনলাইনে গুজব ও ভুল তথ্য ছড়ানো ঠেকাতে নতুন ফৌজদারি অপরাধের বিধান যুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
প্রস্তাবিত খসড়া অনুযায়ী, কোনো অনলাইন কনটেন্টকে কর্তৃপক্ষ ‘অপ্রমাণিত’ বা ‘যাচাইবিহীন’ বলে মনে করলে এবং সেটি জনমনে বিভ্রান্তি, আতঙ্ক বা অস্থিরতা সৃষ্টি করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড বা বড় অঙ্কের জরিমানার বিধান রাখার প্রস্তাব রয়েছে।
প্রস্তাবিত আইনের আওতায় মামলার বিচার সাইবার ট্রাইব্যুনালে হওয়ার কথা রয়েছে। ব্যক্তি ছাড়াও কোনো সংবাদমাধ্যম আইন লঙ্ঘন করেছে বলে আদালতে প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকেও শাস্তির আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। এমনকি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কার্যক্রম পরিচালনার লাইসেন্স স্থগিত বা বাতিলের ক্ষমতাও আদালতকে দেওয়ার প্রস্তাব রয়েছে।
প্রস্তাবিত সংশোধনী নিয়ে উদ্বেগ জানিয়ে সিপিজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর কুনাল মজুমদার বলেন, ‘প্রস্তাবিত সংশোধনীগুলো ব্যাপক। এর ফলে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে।’
তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ, যাচাই ও প্রকাশের সুযোগ থাকা উচিত। কোনো তথ্য কর্তৃপক্ষের অনুমোদিত না হলেও তা যদি নির্ভরযোগ্য উৎস থেকে পাওয়া এবং যথাযথভাবে যাচাই করা হয়, তাহলে সেটি প্রকাশের স্বাধীনতা সাংবাদিকদের থাকা প্রয়োজন।
কুনাল মজুমদারের ভাষ্য, ভুল তথ্য দমনের নামে সাইবার অপরাধ আইনের অপব্যবহারের সুযোগ তৈরি হলে সাংবাদিকরা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। বাংলাদেশের অতীত অভিজ্ঞতার আলোকে এমন ঝুঁকি এড়ানো প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা রোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষার লক্ষ্যেই সংশোধনীগুলোর খসড়া আনা হয়েছে।
বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের ব্যবহার নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অনলাইন বাকস্বাধীনতা ও ডিজিটাল অপরাধসংক্রান্ত মামলায় অন্তত ২৫৫ জন সাংবাদিককে আসামি করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় লেখক মোশতাক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল। বিচার শুরু হওয়ার আগেই প্রায় নয় মাস কারাগারে থাকার পর ২০২১ সালে তিনি মারা যান।
প্রস্তাবিত সংশোধনী নিয়ে মন্তব্য জানতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল সিপিজে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক জবাব পাওয়া যায়নি।
সিপিজে বলছে, সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ, যাচাই ও প্রকাশের অধিকার নিশ্চিত করেই ভুল তথ্য মোকাবিলার আইন প্রণয়ন করা প্রয়োজন। এ কারণে প্রস্তাবিত সংশোধনী বাতিল অথবা তা উল্লেখযোগ্যভাবে সংশোধনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।