উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনগণের কথা না শুনলে এবং তাদের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ হারাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে। আপনাদের কথা বলতে না দেওয়া হলে, আপনাদের কথা যদি আমরা না শুনি, তাহলে আমরা পথ হারাবো। তখন সঠিক পথে ফিরে আসাও কঠিন হবে। এটাই আমাদের অঙ্গীকার।’ বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে এসে কোনো মায়ের বুক খালি করতে না পারে এবং কোনো পরিবারকে স্বজন হারানোর অপেক্ষায় থাকতে না হয়—এমন পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করা প্রয়োজন। ‘এই দেশ আমাদের। দেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি সেই পরিবেশ তৈরি করতে না পারি, তাহলে সবাই বিপদের মুখে পড়বো,’ বলেন আইনমন্ত্রী।
সভায় বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য খান মশিউর রহমান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং বাগেরহাট এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল।
এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভায় উপস্থিত ছিলেন।