উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রশান্ত মহাসাগরের তলদেশে স্বর্ণ ও রুপার উচ্চ ঘনত্বের খনিজ মজুতের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, পাওয়া নমুনায় স্বর্ণ ও রুপার ঘনত্ব এত বেশি যে এ ধরনের মজুত অত্যন্ত বিরল। তাদের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, আবিষ্কৃত খনিজ এলাকার অর্থনৈতিক মূল্যও উল্লেখযোগ্য।
উইয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়, চিংদাও সামুদ্রিক ভূতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান এবং সাংহাই চিয়াও থং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ অভিযানে এই খনিজ মজুতের সন্ধান পাওয়া যায়। পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি এলাকায় সমুদ্রতলের উত্তপ্ত খনিজসমৃদ্ধ তরল নির্গমনের অঞ্চলে এসব মজুত শনাক্ত করা হয়েছে।
গবেষকেরা সমুদ্রতলে শঙ্কু আকৃতির তিনটি বড় খনিজ স্তর খুঁজে পেয়েছেন। এগুলো মূলত উত্তপ্ত তরল থেকে তৈরি সালফাইডের স্তর। সাধারণত এ ধরনের স্তরে তামা, দস্তা ও সিসার পাশাপাশি অল্প পরিমাণে স্বর্ণ ও রুপা থাকে। তবে এবারের সংগৃহীত নমুনায় স্বর্ণ ও রুপার ঘনত্ব তুলনামূলকভাবে অনেক বেশি পাওয়া গেছে।
গবেষকদের বিশ্লেষণে, কিছু নমুনায় স্থলভাগের আকরিকের তুলনায়ও বেশি স্বর্ণ ও রুপার উপস্থিতি পাওয়া গেছে। প্রতি মার্কিন শর্ট টন আকরিকে স্বর্ণের ঘনত্ব সর্বোচ্চ শূন্য দশমিক ৪৫ ট্রয় আউন্স এবং রুপার ঘনত্ব ৩৬ দশমিক ৩ ট্রয় আউন্স পর্যন্ত পাওয়া গেছে।
অন্য কিছু নমুনায় প্রতি টন আকরিকে স্বর্ণের পরিমাণ ১৫ দশমিক ৪ গ্রাম এবং রুপা ১ হাজার ২৭১ গ্রাম পর্যন্ত পাওয়া গেছে।
গবেষণা দলের অন্যতম প্রধান বিজ্ঞানী সং শিজি বলেন, বিশাল এই সমুদ্রতলীয় খনিজ এলাকার ‘অত্যন্ত উচ্চ অর্থনৈতিক মূল্য’ রয়েছে। গবেষকদের ধারণা, ওই অঞ্চলে থাকা বহু ধাতব সালফাইডের সম্ভাব্য মজুত বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রতলীয় খনিজ মজুতগুলোর সমপর্যায়ের হতে পারে।
গত ১০ আগস্ট চীনের শেনজেন থেকে গবেষণা জাহাজ ‘শিয়াং ইয়াং হং ১০’-এ ১৮ দিনের অভিযান শুরু করেন গবেষকেরা। অভিযানের সময় বিশেষ ডুবযান ব্যবহার করে সাতবার সমুদ্রতলে নামেন তারা।
পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি পশ্চাৎ-ধনুক অববাহিকায় অভিযান চালানোর সময় গবেষকেরা এই উত্তপ্ত খনিজ নির্গমন এলাকার সন্ধান পান।
সামুদ্রিক চলাচলের তথ্য অনুযায়ী, অভিযানের সময় গবেষণা জাহাজটি তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চল এবং ফিলিপাইনের উত্তর দিকের জলসীমা দিয়ে চলাচল করেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, খনিজের সন্ধান পাওয়া অববাহিকাটি চীনের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (EEZ) মধ্যে অবস্থিত। তবে ওই এলাকার সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
সমুদ্রের তলদেশ থেকে এ ধরনের খনিজ উত্তোলন নিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্ক রয়েছে। বিশেষ করে গভীর সমুদ্রে খননের ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব এবং দীর্ঘমেয়াদি ঝুঁকি নিয়ে গবেষক ও পরিবেশবিদদের মধ্যে উদ্বেগ রয়েছে।