উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিস্কিট ও ব্রেডসহ বেকারি পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার বিষয়ে সম্মত হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় পর্যালোচনা করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে একটি কমিটি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সম্প্রতি বেকারি পণ্যের দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের ঘোষণার পাশাপাশি উৎপাদন, কাঁচামাল, কর, শুল্ক ও বাজারজাতকরণ ব্যয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বেকারি পণ্য উৎপাদন ও ব্যবসার সঙ্গে যুক্ত সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা শেষে ব্যবসায়ী নেতারা বিস্কিট ও ব্রেডের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার বিষয়ে সম্মতি দেন। বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বেকারি পণ্যের দামসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় সরকার পক্ষ থেকে বলা হয়, ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনার পাশাপাশি জনস্বার্থ ও ভোক্তাদের স্বার্থকে গুরুত্ব দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হবে। যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বেকারি পণ্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।