উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রায় দুই মাস পর দেশে গ্যাস সরবরাহ সংকটের আগের পর্যায়ে ফিরেছে। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে সরবরাহ প্রায় স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার দুপুরে দেশে মোট গ্যাস সরবরাহ ২৬১ কোটি ঘনফুটে পৌঁছেছে।
পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে দুটি ভাসমান টার্মিনাল থেকে ৯৯ কোটি ঘনফুট এবং দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে।
গত ২১ জুলাই একটি ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটির আগে বাংলাদেশ প্রতিদিন প্রায় ১০০ কোটি ঘনফুট এলএনজি পেত। তখন দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২৬০ থেকে ২৬৫ কোটি ঘনফুটের মধ্যে। টার্মিনালটির কার্যক্রমে বিঘ্ন ঘটার পরই গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়।
গ্যাস সংকটের কারণে গত কয়েক সপ্তাহে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও কমে যায়। বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকদেরও গ্যাসের চাপ নিয়ে ভোগান্তিতে পড়তে হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, কয়েক সপ্তাহ ধরে বিদ্যুৎকেন্দ্রগুলো দৈনিক প্রায় ৮৭ কোটি ঘনফুট গ্যাস পেলেও বর্তমানে তা বেড়ে প্রায় ৯৫ কোটি ঘনফুট হয়েছে। গ্যাসের বরাদ্দ বাড়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রায় ৫ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে জানান তিনি।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্যেও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ার চিত্র পাওয়া গেছে। সংকটের সময় এই কেন্দ্রগুলো থেকে উৎপাদন প্রায়ই ৫ হাজার মেগাওয়াটের নিচে বা কাছাকাছি ছিল। সোমবার উৎপাদন ৫ হাজার মেগাওয়াটের নিচে নেমে গেলেও মঙ্গলবার তা বেড়ে ৫ হাজার ৪৭৪ মেগাওয়াটে পৌঁছায়।
এর এক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ী নেতাদের জানিয়েছিলেন, এলএনজি সরবরাহ বাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নতি হতে পারে।
তবে গ্যাস সরবরাহ বাড়লেও শিল্পকারখানায় এর প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে বাড়তি গ্যাস কীভাবে বণ্টন করা হচ্ছে তার ওপর। টানা কয়েক সপ্তাহের সংকটের পর শিল্প খাতে সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তির আশা করছেন সংশ্লিষ্টরা।
গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে কার্যক্রম ব্যাহত হলে দেশে গ্যাস সংকট তীব্র হয়। আগস্টে দেশে গ্যাসের গড় দৈনিক সরবরাহ কমে ২২৩ দশমিক ৫ কোটি ঘনফুটে নেমে আসে। এই সরবরাহের মাত্রা ২০২০ সালের এপ্রিলের সমান ছিল। সে সময় করোনাভাইরাসের সংক্রমণের কারণে লকডাউনে শিল্পকারখানা ও অর্থনীতির বড় একটি অংশ কার্যত স্থবির ছিল।
সংকটের সময় নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরসহ প্রধান শিল্পাঞ্চলগুলোর অনেক কারখানায় গ্যাসের চাপ কমে যায়। এতে কোনো কোনো কারখানায় উৎপাদন কমানো, ইউনিট বন্ধ রাখা কিংবা তুলনামূলক ব্যয়বহুল বিকল্প জ্বালানি ব্যবহারের পরিস্থিতি তৈরি হয়।
তবে বর্তমান সরবরাহ পরিস্থিতি সংকটপূর্ব পর্যায়ে ফিরলেও দেশের দীর্ঘদিনের গ্যাসঘাটতি দূর হয়নি। সরকারি হিসাব অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮৬ কোটি ঘনফুট। বর্তমানে সরবরাহ ২৬১ কোটি ঘনফুট হওয়ায় ঘাটতি রয়েছে প্রায় ১২৫ কোটি ঘনফুট, যা মোট চাহিদার প্রায় ৩২ শতাংশ।
দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদনও ধারাবাহিকভাবে কমে বর্তমানে প্রায় ১৬০ কোটি ঘনফুটে নেমে এসেছে। ফলে দৈনিক সরবরাহ ২৬০ কোটি ঘনফুটের কাছাকাছি রাখতে আমদানিকৃত এলএনজির ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়ছে। মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল থেকে স্বাভাবিক পরিস্থিতিতে সর্বোচ্চ প্রায় ১০০ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা সম্ভব।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কাতার থেকে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় বাংলাদেশকে জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে। যুদ্ধের আগে স্পট মার্কেটে এলএনজির দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ১০ থেকে ১২ ডলারের মধ্যে থাকলেও বর্তমানে তা প্রায় ৩০ ডলারে উঠেছে।
ফলে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি সাময়িকভাবে স্বাভাবিক হলেও আমদানিনির্ভরতা, আন্তর্জাতিক বাজারের দাম এবং দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ার কারণে সামনে গ্যাস সরবরাহ ও ব্যয়ের ওপর চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।