উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুষ্টিয়ায় জামিনে বের হওয়ার পর বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রুহুলের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন ব্যক্তি বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং সেখানে থাকা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মারধর করেন। এতে পাঁচ থেকে ছয়জন আহত হন বলে দাবি বিএনপির নেতাকর্মীদের।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার সময় বিএনপির নেতাকর্মীরা স্থানীয় কার্যালয়ে বসে মুড়ি মাখিয়ে খাচ্ছিলেন। সন্ধ্যার পর সেখানে হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের দাবি, কয়েক দিন আগে আওয়ামী লীগের সমর্থকদের মিছিলের ঘটনায় ইবি থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলায় জামিন পাওয়ার পর আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এলাকায় মিষ্টি বিতরণ করেন। এরপর বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে তাঁদের অভিযোগ।
এদিকে, হামলার পর বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে ভাঙচুর এবং তাঁর পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।