উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘ফ্যামিলি কার্ড করে দেব’, ‘বয়স্ক ভাতার তালিকায় নাম উঠিয়ে দেব’, ‘প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেব’—এমন নানা আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ-সমর্থিত সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি বেগম ও তিলার্দি চর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বেদে সর্দারনী রুনা বেগমের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে ৩২০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, মিরকাদিম পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং তিলার্দি চর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কাছ থেকেই কয়েক লাখ টাকা নেওয়া হয়েছে।
অভিযোগকারীরা জানান, টাকা নেওয়ার সময় দ্রুত ফ্যামিলি কার্ড বা ভাতার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও অনেকেই কাঙ্ক্ষিত সুবিধা পাননি। টাকা ফেরত চাইলে তাঁদের নানা অজুহাতে ঘোরানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মিরকাদিম পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি বেগমের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফ্যামিলি কার্ড ও বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন।
৭ নম্বর ওয়ার্ডের নগর কসবার কুড়ি বাড়ি (ধোপা বাড়ি) এলাকার বৃষ্টি বেগম অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে শিউলি বেগম তাঁর কাছ থেকে ৮ হাজার টাকা নিয়েছেন। তাঁর মা ও বোনের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে। সব মিলিয়ে একই পরিবারের কাছ থেকে ১৮ হাজার টাকা নেওয়া হয়েছে বলে দাবি তাঁর।
বৃষ্টি বেগম বলেন, “এই এলাকার আরও অনেকের কাছ থেকেই টাকা নেওয়া হয়েছে। আমরা আমাদের টাকা ফেরত চাই।”
একই এলাকার মমতাজ বেগম বলেন, “শিউলি বেগম আমার কাছ থেকে ৪ হাজার টাকা নিয়েছেন। তিন-চার মাস ধরে ঘুরাচ্ছেন। আমার কেউ নেই, অনেক বিপদে আছি। আমার টাকাটা ফেরত এনে দেন।”
ভুক্তভোগীদের আরও অভিযোগ, শিউলি বেগম নিজেকে মিরকাদিম পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শিপন জমিদারের আত্মীয় পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শিউলি বেগম। তিনি বলেন, “সব মিথ্যা কথা। আমি কারও কাছ থেকে টাকা নেইনি। আমি আওয়ামী লীগ করতাম বলে আমার নামে মিথ্যা প্রচার করছে।”
শিপন জমিদারের আত্মীয় পরিচয় দেওয়ার অভিযোগের বিষয়ে শিপন জমিদার বলেন, “আমার কোনো আত্মীয় নেই। অপরাধ করলে পুলিশে ধরায় দেন।”
তিলার্দি চর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বেদে সর্দারনী রুনা বেগমের বিরুদ্ধেও ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কোহিনূর বেগম বলেন, ফ্যামিলি কার্ড ও ভাতা করে দেওয়ার কথা বলে রুনা বেগম তাঁর কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছেন। পরে আর কার্ড করে দেওয়া হয়নি।
একই এলাকার ইয়াসমিন বেগম বলেন, “রুনা আপা কার্ড করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৩২০ টাকা নিয়েছেন।”
স্থানীয়দের দাবি, আশ্রয়ণ প্রকল্পের আরও অনেক বাসিন্দার কাছ থেকেও একইভাবে টাকা নেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে রুনা বেগমের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাড়িতে গিয়ে ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।
অভিযোগের বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, “ নাম-ঠিকানাসহ তথ্য দেন। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”
স্থানীয়দের ভাষ্য, সরকারি ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই। ফলে এসব সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে দরিদ্র মানুষের মধ্যে ব্যাপক প্রচার চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সরকারি কোনো ভাতা বা ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে কেউ টাকা চাইলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে তথ্য যাচাই করা উচিত।