উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ২০২৩ সালের কর্মদক্ষতার জন্য নিয়মের বাইরে গিয়ে পাঁচটি উৎসাহ বোনাস দেওয়া হয়। অথচ ব্যাংকের নিজস্ব নীতিমালা এবং সরকারের সংশ্লিষ্ট নির্দেশনায় সর্বোচ্চ তিনটি বোনাস দেওয়ার সুযোগ ছিল। বাড়তি দুই বোনাসের অর্থ ফেরত নেওয়ার জন্য প্রায় দেড় বছর আগে নির্দেশ দেওয়া হলেও এখনো তা আদায় হয়নি। ব্যাংক সূত্র অনুযায়ী, অতিরিক্ত দুই বোনাসের অর্থের পরিমাণ প্রায় ১১৬ কোটি টাকা।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট সোনালী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফজাল করিমকে ব্যাংকের একদল কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ করেন। তাঁদের অন্যতম দাবি ছিল বছরে পাঁচটি উৎসাহ বোনাস চালু রাখা। তবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় তিনটির বেশি বোনাস দেওয়ার সুযোগ ছিল না।
বোনাস নিয়ে কর্মীদের চাপের মধ্যে ২০ আগস্ট পদত্যাগ করেন ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। এর আগে তাঁর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ নীতিমালার বাইরে গিয়ে পাঁচটি বোনাস অনুমোদন করেছিল। বিষয়টি নিয়ে পরে নিরীক্ষা আপত্তিও ওঠে। বাংলাদেশ ব্যাংকও পাঁচটি বোনাস দেওয়ার বিষয়ে সম্মতি দেয়নি।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ২৭ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোনালী ব্যাংকের এমডিকে চিঠি দেয়। এতে নীতিমালার বাইরে দেওয়া বাড়তি দুই বোনাসের অর্থ কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে ফেরত নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু ওই নির্দেশের প্রায় দেড় বছর পরও টাকা ফেরত নেওয়ার কার্যকর ব্যবস্থা হয়নি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৩ এবং ২০২৫—কোনো নীতিমালাতেই সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাঁচটি উৎসাহ বোনাস নেওয়ার সুযোগ ছিল না।
তবে বোনাস দেওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি অনুমোদনের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আবেদন করে এবং নীতিমালা লঙ্ঘনের জন্য ক্ষমাও চায়। কিন্তু বিভাগটি নিজেদের নীতিমালা শিথিল করে পাঁচটি বোনাস অনুমোদন করেনি।
এরপর চলতি বছরের ১১ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের এমডিকে আবার চিঠি দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। চিঠিতে ২০২৩ সালের পারফরম্যান্সের জন্য পাঁচটি উৎসাহ বোনাস দেওয়ার বিষয়ে অসম্মতি জানানো হয়। একই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে দেওয়া অতিরিক্ত দুই বোনাসের অর্থ কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আদায় করে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়।
সোনালী ব্যাংক সূত্র বলছে, ব্যাংকটিতে প্রায় ২১ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারী বোনাস পেয়েছেন। নিয়মিত তিনটির পাশাপাশি তাঁদের দেওয়া হয় আরও দুটি উৎসাহ বোনাস। প্রতিটি বোনাসের অর্থ সাধারণত এক মাসের মূল বেতনের সমপরিমাণ। ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, একটি বোনাসের মোট পরিমাণ প্রায় ৫৮ কোটি টাকা। সে হিসাবে বাড়তি দুই বোনাসে প্রায় ১১৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। সোনালী ব্যাংকের বর্তমান এমডি ও সিইও শওকত আলী খান জানিয়েছেন, পাঁচটি বোনাস দেওয়ার সিদ্ধান্ত তিনি দায়িত্ব নেওয়ার আগেই হয়েছিল। তাঁর ভাষ্য, টাকা যেহেতু ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে, তাই সরকার যেন বিষয়টি মেনে নেয়—সে অনুরোধ ব্যাংকের পক্ষ থেকে করা হয়েছে এবং আবারও করা হবে।
সোনালী ব্যাংকের বোনাসসংক্রান্ত বিষয়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে পরিদর্শন প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ ব্যাংক। ২০২৫ সালের ১১ মার্চ কেন্দ্রীয় ব্যাংক সোনালী ব্যাংকের এমডিকে জানায়, ২০২৩ সালের জন্য পাঁচটি উৎসাহ বোনাস বাবদ ব্যাংকটি প্রায় ২৯০ কোটি টাকা পরিশোধ করেছে। একই সঙ্গে ২০২৪ সালের জন্য আরও প্রায় ৪০০ কোটি টাকা সংস্থান রাখা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে উঠে আসে, সোনালী ব্যাংকের নিজস্ব বোনাস নীতিমালাতেও তিনটির বেশি উৎসাহ বোনাস দেওয়ার বিধান নেই। এরপরও ২০২৪ সালের ৮ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের ৮৭০তম পরিচালনা পর্ষদ সভায় পাঁচটি বোনাস দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
পর্ষদের অনুমোদনে একটি শর্তও রাখা হয়েছিল। ভবিষ্যতে নিরীক্ষা বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আপত্তি উঠলে বাড়তি অর্থ ফেরত দিতে কর্মকর্তা-কর্মচারীরা বাধ্য থাকবেন এবং তাঁদের কাছ থেকে এ বিষয়ে ব্যক্তিগত অঙ্গীকারনামা নেওয়া হবে।
সরকারি মালিকানাধীন অন্যান্য ব্যাংকেও উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠার পর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর নতুন নির্দেশিকা জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন ব্যবস্থায় বোনাস দেওয়ার বিষয়টি নির্দিষ্ট আর্থিক ও কর্মদক্ষতার সূচকের সঙ্গে যুক্ত করা হয়েছে। সোনালী ব্যাংকসহ ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বোনাস দেওয়ার আগে পাঁচটি সূচক বিবেচনা করতে হবে।
সূচকগুলো হলো—
এর মধ্যে চলতি মূলধনের ওপর নিট মুনাফার হারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত মোট নম্বরের ভিত্তিতে বোনাসের সংখ্যা ঠিক হবে।
নতুন নির্দেশনায় সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস পাওয়ার সুযোগ রাখা হয়েছে। কর্মদক্ষতার সূচকে নম্বর কম হলে বোনাসের সংখ্যাও কমবে। আবার নির্ধারিত মানে না পৌঁছালে কোনো উৎসাহ বোনাস নাও মিলতে পারে। ফলে নতুন ব্যবস্থায় বোনাসের সংখ্যা নির্ধারণের বিষয়টি শুধু কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল থাকছে না; ব্যাংকের মুনাফা, আমানত, ঋণ এবং ঋণ আদায়ের মতো আর্থিক সূচকের সঙ্গে তা সরাসরি যুক্ত করা হয়েছে।
সোনালী ব্যাংকের ক্ষেত্রে এখন মূল প্রশ্ন হলো—নীতিমালার বাইরে দেওয়া অতিরিক্ত দুই বোনাসের প্রায় ১১৬ কোটি টাকা শেষ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হবে কি না।