উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য ইডিএফ ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহ বিল নিয়ে নতুন শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো স্থানীয় সরবরাহের বিল ২৭০ দিনের বেশি সময় অনিষ্পন্ন থাকলে সংশ্লিষ্ট রফতানিকারকের ইডিএফ অর্থায়নের আবেদন আর বিবেচনায় নেবে না এডি ব্যাংক।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ নির্দেশনা জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে ব্যাক-টু-ব্যাক এলসির বিল পরিশোধের অনুমোদিত সময় এবং ইডিএফ অর্থায়নের ক্ষেত্রে বকেয়া বা ওভারডিউ নির্ধারণের সময়সীমা একই কাঠামোর মধ্যে এলো।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইডিএফ ঋণের আবেদন পাঠানোর আগে এডি ব্যাংককে সংশ্লিষ্ট ডিমড এক্সপোর্টারের বকেয়া পরিস্থিতি যাচাই করতে হবে। কোনো বিল নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে কি না, সেটিও যাচাইয়ের আওতায় থাকবে।
এর আগে গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং ৩০-এর পার্ট-জি-এর ২(ঘ) অনুচ্ছেদে ব্যাক-টু-ব্যাক ইমপোর্ট এলসির ক্ষেত্রে ইউজেন্স সুবিধা সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত রাখার সুযোগ দেওয়া হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, যোগ্য উৎপাদকদের বাল্ক আমদানির বিপরীতে এডি ব্যাংক ইডিএফ অর্থায়নের বিষয়টি বিবেচনা করতে পারবে। তবে ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে স্থানীয় সরবরাহের কোনো বিল ২৭০ দিনের বেশি বকেয়া থাকা যাবে না।
ফলে কোনো রফতানিকারক স্থানীয়ভাবে কাঁচামাল বা প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের পর সংশ্লিষ্ট বিল ২৭০ দিনের মধ্যে পরিশোধ না করলে সেটি ওভারডিউ হিসেবে গণ্য হবে। ইডিএফ অর্থায়নের আবেদন যাচাইয়ের সময় ওই বকেয়া হিসাবের মধ্যে রাখবে সংশ্লিষ্ট এডি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইডিএফ ঋণ পরিচালনার বিষয়ে এফইপিডি-১ সার্কুলার নং ২৪-এ থাকা অন্যান্য নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।
একই সঙ্গে নতুন নির্দেশনার বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদের জানাতে এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।