উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশজুড়ে চলাচল করা ব্যাটারিচালিত তিন-চাকার যান একবারে বন্ধ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এসব যানকে নির্দিষ্ট রুট, করব্যবস্থা ও পরিচালন কাঠামোর মধ্যে আনতে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
‘ব্যাটারিচালিত তিন-চাকার যান এবং টেকসই গণপরিবহন পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বিআইপি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।
প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত তিন-চাকার যানকে রাতারাতি সড়ক থেকে সরিয়ে দেওয়া বাস্তবসম্মত নয়। এ বিষয়ে সরকার একটি কমিটি করেছে এবং যানগুলোর চলাচল, নির্দিষ্ট এলাকা, করসহ সংশ্লিষ্ট বিষয়গুলোকে একটি নীতিমালার মধ্যে আনার কাজ চলছে।
তিনি বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে তার সম্ভাব্যতা যাচাই করা জরুরি। একই সঙ্গে একটি কার্যকর ব্যবস্থা দাঁড় করাতে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।
প্রতিমন্ত্রী জানান, রাজধানীর যানজট কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। বৈদ্যুতিক যান ব্যবহারে উৎসাহ দিতে শুল্ক সুবিধা, গবেষণা এবং ব্যাংকঋণের সুযোগ তৈরির বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর পাশাপাশি ঢাকায় আন্তঃজেলা বাসের প্রবেশ নিয়ন্ত্রণ, সিটি বাস টার্মিনাল স্থাপন, ফিটনেসবিহীন বাস ব্যবস্থাপনা, কমিউটার ট্রেন, নৌপথ, মেট্রোরেল ও মনোরেল ব্যবস্থার উন্নয়ন নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।
সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্রে বলা হয়, ব্যাটারিচালিত তিন-চাকার যানকে সাধারণ রিকশার সঙ্গে এক শ্রেণিতে না রেখে আলাদা মোটরচালিত যান হিসেবে বিবেচনা করা প্রয়োজন। এসব যানকে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য আলাদা কাঠামোর প্রয়োজন রয়েছে বলেও মত দেওয়া হয়।
গবেষণায় আরও বলা হয়, পরপর দুটি ব্যাটারিচালিত তিন-চাকার যানের চলাচলের মধ্যবর্তী সময় প্রচলিত রিকশার তুলনায় ভিন্ন। গবেষণার তথ্য অনুযায়ী, এই ব্যবধান প্রায় ১ দশমিক ৩ সেকেন্ড হওয়ায় আকস্মিক পরিস্থিতিতে সড়ক নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দিন হাসান ও পরিকল্পনাবিদ তাহসিন রেজা। তাঁদের মতে, দীর্ঘমেয়াদে নগর পরিবহন সংকট মোকাবিলায় কার্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। তবে ব্যাটারিচালিত যান একেবারে বাদ না দিয়ে গণপরিবহনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থাপনায় আনা প্রয়োজন।
অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক অধ্যাপক ড. এস. এম. সোহেল মাহমুদ বলেন, ব্যাটারিচালিত যান নিয়ে স্পষ্ট নীতির পাশাপাশি নির্ভরযোগ্য গবেষণাও দরকার। যন্ত্রাংশ আমদানি, যান তৈরির কারখানা ও চার্জিং স্টেশন নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী বিকল্প গণপরিবহন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
বিআইপির উপদেষ্টা পরিষদ আহ্বায়ক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, এসব যানকে লাইসেন্সের আওতায় এনে নির্দিষ্ট এলাকা বা জোনে চলাচলের ব্যবস্থা করা যেতে পারে। মালিক, সরবরাহকারী, আমদানিকারক ও চার্জিং স্টেশন মালিকদেরও একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনার পরামর্শ দেন তিনি।
ডিএমপির উপপুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, শুধু ট্রাফিক পুলিশের মাধ্যমে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণ করা কঠিন। উৎপাদন, সরবরাহ ও চার্জিং ব্যবস্থাও নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে। পাশাপাশি পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা, বাস বে ও পর্যাপ্ত পার্কিং সুবিধার প্রয়োজন রয়েছে।
ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেন, ঢাকায় বৈদ্যুতিক বাস চালু ও বাস র্যাশনালাইজেশনের উদ্যোগ থাকলেও বাস্তবায়নে নানা সমস্যা রয়েছে। বাস পরিবহন খাতে প্রয়োজনীয় সরকারি সহায়তা বা ভর্তুকির বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
বিআইপির সহসভাপতি শেখ মুহাম্মদ মেহেদী আহসান বলেন, ব্যাটারিচালিত তিন-চাকার যান একেবারে বন্ধ না করে গণপরিবহনের যাত্রার শুরু ও শেষ অংশে সংযোগকারী পরিবহন হিসেবে ব্যবহারের সুযোগ রয়েছে। তবে এর জন্য নির্দিষ্ট মানদণ্ড থাকা দরকার।
সেমিনারে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। সরকারি কর্মকর্তা, পরিকল্পনাবিদ, শিক্ষক, গবেষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা এতে অংশ নেন।