উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেট্রোরেলের এমআরটি লাইন-১ ও লাইন-৫-এর নর্দার্ন রুটে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকার বেশি। একই সঙ্গে ঢাকায় নতুন আরেকটি মেট্রোরেল প্রকল্প—এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুট—অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার একনেক সভায় মেট্রোরেলের দুটি চলমান প্রকল্পের সংশোধনী প্রস্তাব এবং নতুন সাউদার্ন রুটসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা।
এর মধ্যে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ৭টি এবং সংশোধিত ৫টি।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে চলমান এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের সংশোধিত প্রস্তাব অনুমোদন করেছে একনেক।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, সংশোধনের পর এমআরটি লাইন-১-এর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৩৩ কোটি ৪৫ লাখ টাকা এবং এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের ব্যয় বেড়েছে ৪৮ হাজার ৬১০ কোটি টাকা। দুই প্রকল্প মিলিয়ে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ ১ লাখ ১০ হাজার কোটি টাকার বেশি।
ডিএমটিসিএল এর আগে এমআরটি লাইন-১-এর সংশোধিত ব্যয় ১ লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের ব্যয় ৯৩ হাজার ১৯০ কোটি টাকা করার প্রস্তাব দিয়েছিল। যাচাই-বাছাইয়ের পর প্রস্তাবিত ব্যয়ের তুলনায় প্রায় ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত সংশোধিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩ হাজার ৮০০ কোটি টাকা।
একনেকের অনুমোদন পাওয়া নতুন প্রকল্প এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট। প্রায় ১৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল গাবতলী থেকে শুরু হয়ে কল্যাণপুর, শ্যামলী, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল ও তেজগাঁও হয়ে আফতাবনগর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন থাকবে ১৫ হাজার ১৯৭ কোটি টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি টাকা ঋণ হিসেবে দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়া।
বুধবারের সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট, রাজশাহী সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়ন, চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়ন, এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের প্রথম সংশোধন এবং এমআরটি লাইন-১-এর প্রথম সংশোধন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে বরিশাল সেনানিবাস স্থাপন দ্বিতীয় পর্যায় এবং খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের খুলনা পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন।
এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের টেক্সটাইল ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়ন প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মনপুরা দ্বীপাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
একনেক সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।