উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডিজেলনির্ভর রেলব্যবস্থা থেকে বেরিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশের পথে প্রথম বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ। রাজধানীর সঙ্গে দুই গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলকে যুক্ত করা নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথ বিদ্যুতায়নের জন্য ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
‘ইমপ্লিমেন্টেশন অব ইলেকট্রিক ট্র্যাকশন অ্যালং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশন অব বাংলাদেশ রেলওয়ে’ শীর্ষক প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে বাস্তবায়ন করবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) উন্নয়ন সহায়তা হিসেবে দেবে ২ হাজার ৮৮০ কোটি ৪২ লাখ টাকা। বাকি ৯৪২ কোটি ৯ লাখ টাকা সরকারের নিজস্ব অর্থায়ন থেকে আসবে।
বাংলাদেশ রেলওয়ের বর্তমান ৩ হাজার ৯৩ কিলোমিটার নেটওয়ার্কে মূলত ডিজেলচালিত ট্রেনই চলাচল করে। পুরোনো ডিজেল ইঞ্জিনের সীমাবদ্ধতার কারণে অনেক রুটে কাঙ্ক্ষিত গতিতে ট্রেন চালানো এবং যাত্রীচাহিদা অনুযায়ী ট্রিপ বাড়ানো সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিতে প্রথম ধাপে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনকে বিদ্যুতায়নের আওতায় আনা হচ্ছে।
প্রকল্পের আওতায় বিদ্যমান রেললাইনের ওপর বসানো হবে ওভারহেড ক্যাটেনারি বা বৈদ্যুতিক তারের ব্যবস্থা। বিদ্যুৎ সরবরাহের জন্য বিভিন্ন স্থানে নির্মাণ করা হবে ট্রাকশন সাবস্টেশন। ফলে নতুন রেললাইন নির্মাণ না করেই একই ট্র্যাকে পুরোনো ডিজেল ইঞ্জিনের পাশাপাশি বৈদ্যুতিক ট্রেন চালানো যাবে।
প্রকল্পের নথি অনুযায়ী, ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বিদ্যুতায়ন অবকাঠামো স্থাপনের পাশাপাশি ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) সংগ্রহ করা হবে। নির্মাণ করা হবে ইএমইউ রক্ষণাবেক্ষণ ও মেরামত কারখানাও। এর সঙ্গে থাকবে বৈদ্যুতিক ইঞ্জিন এবং কম্পিউটারনির্ভর স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা।
অর্থাৎ শুধু ডিজেল ইঞ্জিনের পরিবর্তে বৈদ্যুতিক ট্রেন আনা নয়, পুরো রেলসেবা ব্যবস্থাকে বিদ্যুৎনির্ভর করার প্রয়োজনীয় অবকাঠামোও গড়ে তোলা হবে।
প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ট্রেনের গতি বাড়ানো, পরিচালন ব্যয় কমানো এবং রেলওয়ের আয় বাড়ানো। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, ডিজেলচালিত ট্রেনের তুলনায় বৈদ্যুতিক ট্রেনে জ্বালানি সাশ্রয় হতে পারে প্রায় ৪০ শতাংশ। পরিচালন ব্যয় কমতে পারে ৩৫ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। কার্বন নিঃসরণ কমার হিসাব ধরা হয়েছে ২০ থেকে ৩০ শতাংশ।
বৈদ্যুতিক ট্রেন দ্রুত গতি তুলতে এবং দ্রুত থামতে পারে। ফলে স্টেশনে বিরতির পর কম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত গতিতে পৌঁছানো সম্ভব হবে। প্রকল্পের হিসাবে, এতে এই রুটে যাতায়াতের সময় অর্ধেকেরও বেশি কমে আসতে পারে।
ঢাকার সঙ্গে গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের প্রতিদিনের যাতায়াতে বিপুলসংখ্যক মানুষ রেল ও সড়ক ব্যবহার করেন। প্রকল্প প্রস্তাবনায় নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটকে রাজধানী ও দুই শিল্পাঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ ট্রানজিট সংযোগ হিসেবে বিবেচনা করা হয়েছে।
ঘনবসতিপূর্ণ এই এলাকায় যাত্রী, শিল্পকারখানা ও মোটরযানের সংখ্যা বেশি। বিদ্যমান সড়ক ও রেল অবকাঠামোও চাহিদার তুলনায় সীমিত। ফলে রেলের সক্ষমতা বাড়িয়ে সড়কের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য রয়েছে প্রকল্পে।
বিদ্যুতায়নের ফলে রেলের বহনক্ষমতা ও পরিচালন দক্ষতা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের দ্রুত ও তুলনামূলক সাশ্রয়ী পরিবহন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে সড়ক অবকাঠামোর ওপর চাপ কমানোর সম্ভাবনাও তুলে ধরা হয়েছে।
প্রাথমিক ডিপিপিতে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ২৮২ কোটি ৮৬ লাখ টাকা। বাস্তবায়নকাল প্রস্তাব করা হয়েছিল ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৬ সালের জুন পর্যন্ত।
পরবর্তীতে প্রকল্পটি পুনর্গঠন করা হয়েছে। এতে ব্যয় কমেছে ৪৬০ কোটি ৩৫ লাখ টাকা বা ১২ দশমিক ০৪ শতাংশ।
পুনর্গঠিত প্রস্তাব অনুযায়ী, ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে।
এ বছরের ২০ এপ্রিল প্রকল্পটির ওপর পিইসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়।
বাংলাদেশে রেল বিদ্যুতায়নের আলোচনা নতুন নয়। ১৯৮৫ সালে জাইকার উদ্যোগে রেলওয়ে ইলেকট্রিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। পরে ২০০৯-১০ সালে ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনার কথা সামনে আসে।
২০১২ সালের সরকারের পার্সপেকটিভ প্ল্যানেও রেলওয়েতে ইলেকট্রিক ট্র্যাকশন চালুর বিষয়টি রাখা হয়। ২০১৫ সালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগও নেয় বাংলাদেশ রেলওয়ে।
প্রকল্পের প্রতিবেদনে ভারতের রেল বিদ্যুতায়নের উদাহরণও তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশটির ৬৫ হাজার ৩০০ কিলোমিটার ব্রডগেজ রেলপথের প্রায় ৯০ শতাংশ, অর্থাৎ ৫৮ হাজার ৮১২ কিলোমিটার বিদ্যুতায়িত হয়েছিল।
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরের পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরেও বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রাকশন চালুর জন্য সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশার কাজ শেষ হয়েছে। অর্থায়ন নিশ্চিত হওয়ার পর এ প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগকে ইতিবাচক সুযোগ হিসেবে দেখছেন যোগাযোগ ও ট্রাফিক পরিবহন বিশেষজ্ঞ এবং বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ।
তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুট ঢাকার কাছাকাছি হওয়ায় অফিস সময়কে গুরুত্ব দিয়ে ট্রেন পরিচালনা করা গেলে দূরবর্তী এলাকা থেকেও মানুষ দ্রুত রাজধানীতে যাতায়াত করতে পারবেন। এতে ঢাকার ওপর মানুষের চাপ কিছুটা কমতে পারে এবং ঢাকার বাইরে বসবাসের সুযোগও বাড়তে পারে।
তাঁর মতে, রেল উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিনের ধীরগতির পর বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে এ ধরনের উদ্যোগ নিতে আরও আগেই কাজ শুরু করা প্রয়োজন ছিল বলেও তিনি মন্তব্য করেন।
প্রকল্প পরিচালক হাবিবুর রহমান জানান, বিদ্যমান রেললাইনের ওপরই ওভারহেড ওয়্যার স্থাপন করা হবে এবং একই ট্র্যাকে বিভিন্ন ধরনের ইঞ্জিন চলাচল করতে পারবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ডিটেইল ডিজাইনের কাজ শেষ হয়েছে এবং বিনিয়োগ প্রকল্প হিসেবে দ্রুত কাজ শুরুর প্রস্তুতি চলছে।
সব মিলিয়ে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরের ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথ বিদ্যুতায়নের উদ্যোগকে শুধু নতুন ধরনের ট্রেন চালুর প্রকল্প হিসেবে দেখছে না বাংলাদেশ রেলওয়ে। এটি বাস্তবায়িত হলে দেশের দীর্ঘদিনের ডিজেলনির্ভর রেল পরিচালনা ব্যবস্থা থেকে বৈদ্যুতিক ট্রাকশনে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হবে।