উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অপরাধ দমন ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, অপরাধ শুধু একটি বাহ্যিক উপসর্গ। অপরাধের মূল কারণ খুঁজে বের করে সেখানেই কার্যকরভাবে আঘাত করতে হবে। তাঁর মতে, মাদক ও জুয়া অনেক অপরাধের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত সংগঠনটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরনও বদলে গেছে। প্রযুক্তির বিস্তারের কারণে অপরাধ এখন ক্রমেই ডিজিটাল ও আধুনিক রূপ নিচ্ছে। এ পরিস্থিতিতে অপরাধ দমন ও প্রতিরোধে আধুনিক আইনি কাঠামোর পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ ভূমিকা জরুরি।
তিনি বলেন, অপরাধ, অপরাধী, অপরাধবিজ্ঞান, পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়—সবকিছুই পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তথ্য এবং পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ক্র্যাবের মতো ঐতিহ্যবাহী সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩১৮ জন পেশাদার সদস্য নিয়ে ৪৩ বছরের পথচলায় ক্র্যাব অনুসন্ধানী সাংবাদিকতায় একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। অনুসন্ধানী সাংবাদিকতা জ্ঞানভিত্তিক একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে গভীর পড়াশোনা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রয়োজন হয়।
অপরাধের কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু অপরাধীকে শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। কেন অপরাধ সংঘটিত হচ্ছে, সমাজ ও পরিবেশের কোন বিষয়গুলো অপরাধকে উৎসাহিত করছে—সেগুলোও বিশ্লেষণ করতে হবে। অপরাধের উৎসে কার্যকর সমাধান করা গেলে অপরাধের হার কমিয়ে আনা সম্ভব।
ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ক্রাইম রিপোর্টার ক্ষতিগ্রস্ত বা আহত হলে সিএসআর ফান্ডসহ বিভিন্ন মাধ্যমে তাদের সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
পেশাগত দক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতির বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের সনদ দেওয়ার সুযোগ রয়েছে কি না, সে বিষয়ে আইনগত দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা তাদের সামাজিক দায়বদ্ধতা যথাযথভাবে পালন করলে সমাজ ও রাষ্ট্রে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। রাষ্ট্র ও সমাজের প্রত্যাশা পূরণে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিকদেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
অ্যাসিড অপরাধ দমনের উদাহরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। কঠোর আইন, গণমাধ্যমের ভূমিকা এবং সামাজিক সচেতনতার সম্মিলিত প্রয়াসে দেশে অ্যাসিড-সংক্রান্ত অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে তিনি উল্লেখ করেন।
একইভাবে মাদক, অনলাইন জুয়াসহ অন্যান্য অপরাধ মোকাবিলায় সাংবাদিক, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে আইনি সংস্কারের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোনো আইন আধুনিকায়ন করা প্রয়োজন। ১৮৬৭ সালের গ্যাম্বলিং অ্যাক্ট পরিবর্তন করে ডিজিটাল স্পেসে অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্বল আইনের সুযোগ নিয়ে যাতে অপরাধীরা পার পেয়ে যেতে না পারে, সে জন্য প্রয়োজনীয় আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক), সচিব পদমর্যাদার রাশেদ খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।
বক্তারা ক্র্যাবের ৪৩ বছরের সাংবাদিকতা ও অনুসন্ধানী প্রতিবেদনের অবদানের প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
পরে কেক কেটে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।