উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী মহানগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে ১৯ লিটারের জারে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ উৎপাদন, বিক্রি ও বাজারজাতের দায়ে ‘ফিউচার মিনারেল ওয়াটার’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর বালিয়াপুকুর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, বিএসটিআইয়ের গুণগত মানসনদ (লাইসেন্স) ছাড়াই প্রতিষ্ঠানটি ১৯ লিটারের জারে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ উৎপাদন, বিক্রি ও বাজারজাত করছিল। এ সময় প্রতিষ্ঠানের উৎপাদনস্থলে অস্বাস্থ্যকর পরিবেশও দেখতে পান কর্মকর্তারা।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিএম উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল অভিযানে উপস্থিত ছিল।
বিএসটিআই কর্মকর্তারা বলেন, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য ও পানীয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।