উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কৃষি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে বড় পরিমাণ সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি ও বেসরকারি পর্যায়ে মিলিয়ে প্রায় ১১ লাখ টন বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সার আমদানির একাধিক প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুমোদিত ক্রয়ের মধ্যে সরকারি পর্যায়ে ডিএপি, এমওপি ও ইউরিয়া সার রয়েছে। মরক্কোর সরকারি প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপসের সঙ্গে বিএডিসির চুক্তির আওতায় দুটি চালানে মোট ৮০ হাজার টন ডিএপি সার কেনা হবে। প্রতিটি চালানের পরিমাণ ৪০ হাজার টন।
এ ছাড়া রাশিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় বিএডিসি ৩৫ হাজার টন এমওপি সার আমদানি করবে। এ ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ১৬৬ কোটি ৯ লাখ টাকা। প্রতি টন এমওপির নির্ধারিত মূল্য ৩৮৩ দশমিক ৮০ ডলার।
বেসরকারি আমদানিকারকদের মাধ্যমেও বড় পরিমাণ এমওপি দেশে আনা হবে। ১৪টি অনুমোদিত প্রতিষ্ঠান রাশিয়া, কানাডা ও বেলারুশ থেকে মোট ২ লাখ ২০ হাজার টন এমওপি সার আমদানি করবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৪০০ ডলার। প্রতি টনের দাম ৩৯৮ দশমিক ৯৭ ডলার।
ডিএপি সারের ক্ষেত্রেও বেসরকারি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ১৯টি প্রতিষ্ঠান মরক্কো, রাশিয়া, জর্ডান, সৌদি আরব, মিসর ও তিউনিসিয়া থেকে মোট ৫ লাখ টন ডিএপি সার আনবে।
অন্যদিকে ১০টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে ২ লাখ টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এসব সার আসবে লেবানন, বুলগেরিয়া, মরক্কো, মিসর ও তিউনিসিয়া থেকে। আমদানিতে ব্যয় হবে ১৫ কোটি ১২ লাখ ডলার। প্রতি টন টিএসপির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫৬ ডলার।
ইউরিয়া সার আমদানির ক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস থেকে পঞ্চম লটে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এতে ব্যয় হবে ১৯৩ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৩৯১ দশমিক ৬৬ ডলার।
কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজন অনুযায়ী সার সংগ্রহের মাধ্যমে কৃষকদের জন্য সরবরাহ অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সংগ্রহের পাশাপাশি অনুমোদিত বেসরকারি আমদানিকারকদের মাধ্যমেও সার দেশে আনার ব্যবস্থা রাখা হচ্ছে।