উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কারণে সামরিক সংঘাতের ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র ও চীনের নিরাপত্তা বিশেষজ্ঞরা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আদলে কিছু সুরক্ষা ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন।
বিশেষজ্ঞদের প্রস্তাবের মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্রের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় এআইয়ের স্বয়ংক্রিয় হস্তক্ষেপ ঠেকানো, গুরুত্বপূর্ণ সাইবার হামলার ক্ষেত্রে মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করা এবং এআই-সম্পর্কিত জরুরি পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা চালু করা।
যুক্তরাষ্ট্রের ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো মেলানি সিসন এবং চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তিয়ানজিয়াও জিয়াং এসব প্রস্তাবের সঙ্গে যুক্ত। তাঁরা ২০১৯ সাল থেকে ব্রুকিংস ও ফুদান বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর উদ্যোগে চলা যুক্তরাষ্ট্র-চীন এআই ও জাতীয় নিরাপত্তা সংলাপে অংশ নিচ্ছেন।
তাঁদের প্রস্তাব এমন সময়ে এসেছে, যখন এআই প্রযুক্তি নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের প্রতিযোগিতা শুধু চিপ ও উন্নত মডেল তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। সামরিক ব্যবস্থায় ক্রমবর্ধমান এআই ব্যবহারের ফলে দুর্ঘটনাজনিত সংঘাত, ভুল বোঝাবুঝি এবং দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপের ঝুঁকিও আলোচনায় এসেছে।
বিশেষজ্ঞদের একটি প্রস্তাব হলো, কোনো দেশের পারমাণবিক কমান্ড, কন্ট্রোল ও যোগাযোগব্যবস্থার বিরুদ্ধে এআই-চালিত সাইবার হামলা শুরু করার সিদ্ধান্ত মানুষের হাতেই থাকতে হবে।
কারণ কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা ভুল করতে পারে, নির্ধারিত নির্দেশনার বাইরে যেতে পারে কিংবা অন্য পক্ষের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এমন পরিস্থিতিতে আক্রান্ত দেশ হামলাটি দুর্ঘটনাজনিত নাকি প্রতিপক্ষ সরকারের নির্দেশে হয়েছে—তাৎক্ষণিকভাবে বোঝার সুযোগ নাও পেতে পারে।
তিয়ানজিয়াও জিয়াং পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত এবং পারমাণবিক কমান্ড ব্যবস্থায় হামলার ক্ষেত্রে এআইকে স্বাধীন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখার জন্য স্পষ্ট সীমারেখা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।
তিনি জ্বালানি, অর্থনীতি ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও সম্ভাব্য এআই-নির্ভর হামলার ক্ষেত্রে সুরক্ষার আওতায় আনার কথা বলেছেন। একই সঙ্গে ‘অর্থবহ মানবীয় নিয়ন্ত্রণ’ বলতে কী বোঝাবে, সে বিষয়ে দুই দেশের অভিন্ন সংজ্ঞা থাকা প্রয়োজন বলে মত দিয়েছেন তিনি।
বিশেষজ্ঞদের আরেকটি প্রস্তাব হলো এআই-সম্পর্কিত সামরিক ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি বিশেষ হটলাইন চালু করা।
এর কারণ, স্বয়ংক্রিয় সাইবার ব্যবস্থা মানুষের সিদ্ধান্তের আগেই পাল্টা ব্যবস্থা নিতে পারে। এক পক্ষের প্রতিরক্ষামূলক এআই কোনো সন্দেহজনক কর্মকাণ্ডকে প্রতিহত করতে গিয়ে এমন পদক্ষেপ নিতে পারে, যা অন্য পক্ষ সরাসরি হামলা হিসেবে বিবেচনা করতে পারে। এতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
হটলাইন থাকলে কোনো অস্বাভাবিক এআই কর্মকাণ্ড দুর্ঘটনাজনিত, অনুমোদনহীন অথবা তদন্তাধীন—এ ধরনের তথ্য দ্রুত প্রতিপক্ষকে জানানো সম্ভব হতে পারে।
তবে যুক্তরাষ্ট্র-চীন বিদ্যমান সামরিক যোগাযোগব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। জনস হপকিন্স স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ কার্লা ফ্রিম্যান ২০২৩ সালের চীনা বেলুনকাণ্ডের সময় দুই দেশের সামরিক যোগাযোগের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেছেন।
ব্রুকিংস-ফুদান বিশেষজ্ঞদের প্রস্তাব এখনো যুক্তরাষ্ট্র বা চীন—কোনো সরকারই আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেনি।
তবে চীন ইতোমধ্যে এআইকে অস্ত্র নিয়ন্ত্রণসংক্রান্ত সরকারি কাঠামোর আলোচনায় অন্তর্ভুক্ত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগ পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুর পাশাপাশি সামরিক এআই নিয়েও কাজ করছে।
চীনের নিরস্ত্রীকরণবিষয়ক রাষ্ট্রদূত শেন জিয়ান চলতি বছরের জুনে জাতিসংঘের এক বৈঠকে বলেন, সামরিক এআই কৌশলগত স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে এবং ভুল হিসাব বা সংঘাত বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে। তিনি অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে মানবীয় নিয়ন্ত্রণ বজায় রাখার কথাও বলেন।
অন্যদিকে, চীন মনে করে এআই নিরাপত্তার অজুহাতে প্রযুক্তিগত বাধা তৈরি করা উচিত নয়। যুক্তরাষ্ট্রও এমন বিধিনিষেধ নিয়ে সতর্ক, যা দেশটির প্রযুক্তিগত অগ্রগতিকে ধীর করে দিতে পারে।
ফলে এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সামরিক নিরাপত্তা, মানবীয় নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্র-চীনের কৌশলগত স্থিতিশীলতার প্রশ্ন এখন পরস্পরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ছে।