উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেনীতে সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে ফেনীতে সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সংসদীয় আসন-৩০৪, মহিলা আসন-৪-এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু ফেনী জেলায় একটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। তাঁর আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নিয়ে ফেনীতে সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্ভাব্যতা যাচাই শেষে সংসদ সদস্যের ডিও পত্রের আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে কী ধরনের কার্যক্রম নেওয়া হয়েছে, তার অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদস্য সচিব, সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের কাছে চিঠিটির অনুলিপি পাঠানো হয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংসদ সদস্য রেহানা আক্তার রানু, প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
ফেনীতে সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হলে জেলার মানুষের চিকিৎসাসেবা ও উচ্চশিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।