উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় এখন থেকে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া গাছ কাটলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে এ বিষয়ে জনসচেতনতা তৈরি করা হয়।
উপজেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬’ অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন জমিতে থাকা গাছ কাটার আগে বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা তথা বিভাগীয় বন কর্মকর্তার কাছ থেকে পূর্বানুমোদন নিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদন ছাড়া গাছ কাটলে ওই আইনের ১০ ধারায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হতে পারে। ইউএনওর আদেশক্রমে এ বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, গাছ কাটার অনুমোদন নেওয়ার বিধানটি জমির মালিকদের হয়রানি করার উদ্দেশ্যে নয়। পরিবেশ রক্ষা এবং অপরিকল্পিতভাবে গাছ কাটা বন্ধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, জমির মালিকরা যাতে প্রয়োজনীয় অনুমোদন সহজে নিতে পারেন, সে বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।