উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নে অবস্থিত শাহ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের কাছে ২০১৮-১৯ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ৪ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা কর বকেয়া রয়েছে বলে অভিযোগ করেছে পঞ্চসার ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে পঞ্চসার ইউনিয়ন পরিষদের পক্ষে এ অভিযোগ করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন।
সংবাদ সম্মেলনে রুহুল আমিন বলেন, শাহ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের ওপর ইউনিয়ন পরিষদের আইন ও বিধি অনুযায়ী বিভিন্ন খাতে কর ধার্য করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব কর পরিশোধ না করায় ২০১৮-১৯ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত মোট ৪ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা পাওনা হয়েছে বলে পরিষদের হিসাব।
পরিষদের নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটির কাছে বকেয়া কর আদায়ে একাধিকবার অনুরোধ করা হলেও দাবিকৃত অর্থ পরিশোধ করা হয়নি। পরে গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিতে শাহ সিমেন্টকে ১৫ কার্যদিবসের মধ্যে দাবিকৃত টাকা পরিশোধের জন্য বলা হয়।
চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর পঞ্চম তফসিলের ৮৯ ধারার আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
পরিষদের দেওয়া হিসাব অনুযায়ী, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে প্রতি বছর ৫৯ লাখ টাকা করে এবং পরবর্তী অর্থবছরগুলোতে ধারাবাহিকভাবে করের অঙ্ক বাড়িয়ে মোট ৪ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শাহ সিমেন্টের বিরুদ্ধে ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাজ্জাদ হোসেন অভিযোগটি সরাসরি স্বীকার বা অস্বীকার না করে বলেন, “বিষয়টি নিয়ে পঞ্চসার ইউনিয়ন পরিষদের সঙ্গে আলোচনা চলছে।”
এদিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, দাবিকৃত করের অর্থ আদায়ে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।