উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখতে ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডিবির একজন কর্মকর্তা এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা রয়েছেন। কমিটির পক্ষ থেকেই রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ভাইরাল হওয়া অডিওটির বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে একজন ব্যক্তির কণ্ঠে পুলিশের মাঠপর্যায়ের সক্ষমতা, রাজনৈতিক পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের অবস্থান নিয়ে বিভিন্ন মন্তব্য শোনা যায়। অডিওতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়েও মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ার দাবি এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অবস্থান নিয়ে মন্তব্য শোনা যায়। পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও ওই অডিওতে কথা বলতে শোনা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে।
তবে ভাইরাল অডিওটির কণ্ঠস্বর, প্রেক্ষাপট ও বক্তব্যের সত্যতা সম্পর্কে তদন্তের আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও কমিটির পরবর্তী তদন্তে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।