উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সার ও কীটনাশকের চাহিদা এবং বাজারের সংকটকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে ভেজাল ও নকল কৃষিপণ্য। কোথাও চুন, সিমেন্ট, সিরামিক মাটি ও অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহার করে তৈরি করা হচ্ছে সার। আবার কোথাও অনুমোদনহীন বা নিষিদ্ধ কীটনাশক প্যাকেটজাত করা হচ্ছে পরিচিত ব্র্যান্ডের মোড়কে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের অভিযানে এমন একাধিক কারখানা ও গুদামের সন্ধান মিলেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার-কীটনাশক, কাঁচামাল, নকল মোড়ক ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছে। কোথাও জরিমানা, কোথাও কারাদণ্ড এবং কোথাও কারখানা সিলগালা করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে একটি অবৈধ কারখানায় অভিযান চালানো হয়। সেখানে ভেজাল টিএসপি ও ডিএপি সার তৈরির অভিযোগে কারখানার মালিক মো. জামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
অভিযানে প্রায় ২৫০ বস্তা প্রস্তুত করা ভেজাল টিএসপি সার এবং সার তৈরির কাঁচামাল হিসেবে রাখা প্রায় ৩০০ বস্তা চুন, সিমেন্ট ও সিরামিক মাটি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালন সূত্রে জানা যায়, ডলোমাইট চুন, সিরামিক মাটি, সিমেন্ট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডসহ বিভিন্ন উপাদান ব্যবহার করে এসব সার তৈরি করা হচ্ছিল। পরে তা চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকার কৃষক ও মৎস্য খামারিদের কাছে বিক্রি করা হতো।
এর পরদিন ১০ সেপ্টেম্বর কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় নকল সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি ও প্যাকেটজাতের অভিযোগে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই অভিযানে ছয়টি ব্যক্তিমালিকানাধীন কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়। হযরতপুর ইউনিয়নের আলীপুর এলাকায় মেঘনা ফার্টিলাইজার লিমিটেড নামের একটি কারখানাতেও অভিযান চালিয়ে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়।
১৬ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ও নিষিদ্ধ ঘাসমারা কীটনাশক এবং পরিচিত ব্র্যান্ডের নকল মোড়কে সার মজুদের অভিযোগে ব্যবসায়ী মশিউর রহমানকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়।
এর আগে ২৭ আগস্ট রংপুরের পীরগাছা উপজেলার সৈয়দপুর বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও বালাইনাশক তৈরির কারখানার সন্ধান পায় প্রশাসন। সেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়ক, কাঁচামাল ও সরঞ্জামসহ ৭২ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।
একই দিনে মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল সার বিক্রির অভিযোগে বিএডিসির এক ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তার দোকান থেকে পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।
গত ১৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক তৈরি ও প্যাকেটজাতের অভিযোগে সদের আলী নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে তার দোকান থেকে ৩০৭ বস্তা ভেজাল ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও তিন বস্তা টিএসপি সার জব্দ করা হয়।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৩০ জুলাই ভেজাল সার ও কীটনাশক তৈরি, প্যাকেটজাত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে তার দুটি গুদাম থেকে প্রায় ২০০ বস্তা সার তৈরির কাঁচামাল ও সরঞ্জাম এবং ১০ বস্তা নকল কীটনাশক জব্দ করা হয়।
এ ছাড়া ফেনীতে ১৩ জুলাই বীজের মোড়ক জালিয়াতি, মেয়াদোত্তীর্ণ কীটনাশকের মেয়াদ পরিবর্তন এবং ভেজাল কৃষিপণ্য বিক্রির অভিযোগে ‘মেসার্স নিউ ফকির ট্রেডার্স’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুধু অভিযান চালিয়ে জব্দ করা পণ্য নয়, বাজার থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষাতেও ভেজালের তথ্য পাওয়া গেছে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৃষকদের অভিযোগের পর বাজারের বিভিন্ন দোকান থেকে ১৬টি প্যাকেটজাত কৃষিপণ্যের নমুনা সংগ্রহ করে কৃষি বিভাগ। চর তিল্লী, কুষ্টিয়া, চর সাটুরিয়া ও বালিয়াসহ বিভিন্ন এলাকার ১০টি দোকান থেকে নমুনাগুলো সংগ্রহ করা হয়।
পরে পরীক্ষার জন্য সেগুলো কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। ৮ সেপ্টেম্বর পরীক্ষার ফল পাওয়ার পর কৃষি বিভাগ জানায়, সাতটি কোম্পানির সারে ভেজালের তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কোম্পানি ও ডিলারদের এসব পণ্য বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কৃষকদের অভিযোগ, ভেজাল সার ও কীটনাশক ব্যবহারে শুধু অর্থের অপচয়ই হচ্ছে না, অনেক ক্ষেত্রে প্রত্যাশিত ফলনও পাওয়া যাচ্ছে না। ফলে একই জমিতে একাধিকবার সার বা কীটনাশক প্রয়োগ করতে গিয়ে উৎপাদন খরচ বাড়ছে।
রংপুরের পীরগঞ্জের কৃষক নাসির হোসেন বলেন, গত মৌসুমে আলু এবং চলতি আমন মৌসুমে সার ও কীটনাশক ব্যবহারের পরও কাঙ্ক্ষিত ফলন পাননি। পরে বিভিন্ন এলাকায় ভেজাল কৃষিপণ্য জব্দের খবর জানতে পেরে তার ব্যবহৃত পণ্য নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
সাটুরিয়ার কামতা এলাকার কৃষক আব্দুর রশিদ বলেন, কয়েক বছর ধরে সবজি চাষ করছেন। গত বছর কিছু প্যাকেটজাত সার ব্যবহারের পর জমিতে ক্ষতি হয়েছিল। বাজারে আকর্ষণীয় মোড়কে এসব পণ্য পাওয়া গেলেও ব্যবহারের পর কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক শাহজাহান সিরাজ বলেন, পরীক্ষায় মান খারাপ পাওয়া সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। ভেজাল সার ব্যবহারে কৃষকের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা বা অন্য কোনো সহায়তা দেয়ার বিষয়ও বিবেচনা করা হবে। পাশাপাশি ভেজাল সার বাজারজাত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক এএইচএম সাইফুল ইসলাম বলেন, সার ও কীটনাশক কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ উপকরণ। এগুলোর মান খারাপ হলে উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভেজাল পণ্যের বিস্তার কৃষকের পাশাপাশি সামগ্রিক কৃষি উৎপাদন ও অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। এ কারণে কঠোর নজরদারি এবং অনিয়মের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা প্রয়োজন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, ভেজাল সার ও কীটনাশক নিয়ে কিছু অভিযোগ রয়েছে। কৃষকদের সঙ্গে প্রতারণা ঠেকাতে কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন। সন্দেহজনক পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষায় অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে।
সাম্প্রতিক এসব অভিযানের ঘটনায় ভেজাল সার ও কীটনাশক উৎপাদন ও বাজারজাতের একটি চিত্র সামনে এসেছে। তবে কৃষি উপকরণের মান নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি ও পরীক্ষার কার্যক্রম কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।