উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনলাইন বিজ্ঞাপন বাজারে গুগলের একচেটিয়া প্রভাব কমাতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রমে একাধিক পরিবর্তনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। তবে গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ আলাদা করে দেওয়ার জন্য মার্কিন সরকারের যে দাবি ছিল, তা নাকচ করেছেন আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত ১০৬ পৃষ্ঠার রায়ে এসব নির্দেশ দেন ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার জেলা বিচারক লিওনি ব্রিঙ্কেমা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিলে একই বিচারক রায় দিয়েছিলেন, অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির কয়েকটি ক্ষেত্রে গুগল অবৈধভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এবার সেই অবস্থান থেকে প্রতিযোগিতা বাড়াতে গুগলের ওপর নির্দিষ্ট কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
রায়ের অন্যতম নির্দেশনা হলো, গুগলের বিজ্ঞাপন নিলাম ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি গুগলের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একজন অ্যান্টিট্রাস্ট কমপ্লায়েন্স মনিটর নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি প্ল্যাটফর্ম অ্যাডএক্স বিক্রি করে দেওয়ার দাবি জানিয়েছিল মার্কিন বিচার বিভাগ। সরকারের যুক্তি ছিল, গুগল একই সঙ্গে বিজ্ঞাপন নিলাম পরিচালনা এবং সেই বাজারের গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহ করায় প্রতিযোগিতার সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তবে বিচারক গুগলকে অ্যাডএক্স বিক্রি করার নির্দেশ দেননি।
এর পরিবর্তে বিজ্ঞাপন নিলাম ব্যবস্থায় প্রতিযোগীদের প্রবেশের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, অন্য প্রকাশকদের বিজ্ঞাপন সার্ভারকে অ্যাডএক্সের তাৎক্ষণিক দরপ্রস্তাব বা বিডিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
এ ছাড়া গুগলের বিজ্ঞাপন সার্ভার ব্যবহারকারী ওয়েবসাইটগুলোকে বাধ্যতামূলকভাবে অ্যাডএক্স ব্যবহার করতে হবে—এমন ব্যবসায়িক শর্তও তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী এসব ব্যবসায়িক পরিবর্তন ছয় বছর বহাল থাকবে। তবে মার্কিন বিচার বিভাগ ১৫ বছরের জন্য বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছিল।
রায়ের পর গুগল জানিয়েছে, সিদ্ধান্তের কিছু অংশের সঙ্গে তারা একমত নয় এবং আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে।
অন্যদিকে মার্কিন বিচার বিভাগের সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড রায়টিকে অনলাইন বিজ্ঞাপন বাজারে প্রতিযোগিতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের আয়ের বড় অংশ আসে বিজ্ঞাপন ব্যবসা থেকে। রয়টার্সের হিসাবে, প্রতিষ্ঠানের মোট আয়ের প্রায় ৭৩ শতাংশ বিজ্ঞাপন খাত থেকে আসে।
ফলে বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে গুগলের ব্যবসায়িক পদ্ধতিতে আদালতের আরোপ করা নতুন বিধিনিষেধ প্রতিষ্ঠানটির কার্যক্রম ও অনলাইন বিজ্ঞাপন বাজার—দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।