উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের আসাম রাজ্যে পৃথক অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ ২৭ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগে গুয়াহাটি ও রাঙ্গিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে একটি ট্রেন থেকে নামিয়ে আটক করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার আসাম পুলিশের সীমান্ত শাখা পৃথক অভিযান চালায়। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বেশিরভাগই কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিলেন।
আসাম পুলিশের সীমান্ত শাখার উপকমিশনার কুলেন্দ্র নাথ ডেকা জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করা একদল বাংলাদেশি গুয়াহাটিতে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে প্রথমে আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের (এএসটিসি) ক্যাম্পাস থেকে ১২ জনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আরও একটি দল জম্মু তাওয়াই এক্সপ্রেসে ভ্রমণ করছে বলে তথ্য পাওয়ার দাবি করে পুলিশ। পরে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ) বিষয়টি জানানো হয়। এরপর ট্রেন থেকে ১৫ জনকে নামিয়ে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ২৭ জনের কারও কাছেই ভারতে বৈধভাবে অবস্থানের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি। তারা বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও ময়মনসিংহের বাসিন্দাও রয়েছেন।
আটক ব্যক্তিরা কোনো দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
কুলেন্দ্র নাথ ডেকা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে তারা ভারতে প্রবেশ করেছেন এবং তাদের আসামে পৌঁছাতে কোনো ব্যক্তি বা চক্র সহায়তা করেছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারের কাছে আটক ব্যক্তিদের বিতাড়নের আদেশ চেয়ে আবেদন করা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদেশ জারি হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হতে পারে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বেশিরভাগ কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছেন বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
উপকমিশনার ডেকার ভাষ্য, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে এবং তদন্তের পর ভারতে প্রবেশের পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।