উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার নাঙ্গলকোটে বিষপানে নয়ন হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী বর্ষা আক্তার (২২) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট পৌর বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন হোসেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিমুল্লাহর ছেলে। তার স্ত্রী বর্ষা আক্তার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা।
নয়ন ও বর্ষার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে তারা বিয়ে করেন। বিয়ের পর তারা স্বাভাবিকভাবেই সংসার করছিলেন।
শুক্রবার দুপুরে পরিবারের সদস্যরা তাদের বিষপানের খবর পান। পরে দুজনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বর্ষাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহীন জানান, হাসপাতালে নেওয়ার পর দুজনেরই পাকস্থলি পরিষ্কার করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে নয়নের কোনো সাড়া পাওয়া যায়নি। বর্ষার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী বিষপান করেছেন বলে জানা গেছে। এতে স্বামীর মৃত্যু হয়েছে এবং স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
তিনি আরও বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।