উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাজী মনিরুল ইসলাম ডেঙ্গু পজিটিভ হওয়ার পাশাপাশি হৃদরোগেও আক্রান্ত হন। পরে তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চান্দিনা পৌরসভা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতারা শোক জানিয়েছেন।