উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে সালাম এয়ারের একটি ফ্লাইটে ওমানের মাস্কাট থেকে চট্টগ্রামে পৌঁছান মুরাদ। বিমানবন্দরের কাস্টমস হলের স্ক্যানিং প্রক্রিয়া শেষ করে বের হওয়ার সময় তার চলাফেরায় সন্দেহ হয় কর্মকর্তাদের।
পরে গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তারা তার লাগেজে তল্লাশি চালান। এ সময় লাগেজ থেকে ১০৬ গ্রাম স্বর্ণালংকার, ৪২৫ গ্রাম স্বর্ণের পিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট পাওয়া যায়।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৫৩৪ গ্রাম, যা ৪৫ ভরি ১২ আনার সমপরিমাণ। এসব সোনার আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে নজরদারিতে নেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে সোনাগুলো উদ্ধার করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।