উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতি পাওয়ার দাবিতে এক প্রবাসীর বাড়ির সামনে অনশনে বসেছেন হ্যাপি আক্তার (২৭) নামে এক নারী। তার দাবি, সৌদি আরবে প্রবাসী এনামুলের সঙ্গে বিয়ে হয়েছিল এবং সেখানে তারা একসঙ্গে বসবাসও করেছেন। পরে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের বদরুদ্দিন হাজী বাড়ির সামনে তাকে অনশনরত অবস্থায় দেখা যায়।
হ্যাপি আক্তারের দাবি, ২০২৩ সালের মাঝামাঝি সৌদি আরবে এনামুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা জেদ্দাসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে একসঙ্গে বসবাস করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় এনামুল তাকে বাংলাদেশে পাঠিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি।
হ্যাপি বলেন, দেশে ফেরার পরও এনামুল তার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন সময় খরচ দিতেন। তবে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার দাবি জানালে তিনি তা করেননি। এ কারণেই এনামুলের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন বলে জানান তিনি।
হ্যাপি আক্তার বলেন, স্বামী হিসেবে স্বীকৃতি ও সন্তানের পরিচয় না পাওয়া পর্যন্ত তিনি সেখান থেকে যাবেন না। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি নিজের ও সন্তানের জীবন নিয়ে হুমকির মতো বক্তব্যও দেন।
হ্যাপি আক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কলাতলি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তার আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে এনামুলের স্বজনদের দাবি, দেশে এনামুলের আরেকটি সংসার রয়েছে। ওই সংসারে তার দুই ছেলে রয়েছে। এনামুল বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
এনামুলের ছোট ভাই সাহাদাত হোসেন বলেন, তার ভাই দেশে না থাকায় বিষয়টি নিয়ে তিনি সরাসরি কিছু বলতে পারছেন না। হ্যাপি আক্তারকে তার ভাই বিয়ে করে থাকলে এবং শিশুটি এনামুলের সন্তান হয়ে থাকলে, দেশে ফেরার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা যেতে পারে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, তারা এনামুলের স্ত্রী হিসেবে অন্য একজন নারীকে চেনেন, যিনি দুই সন্তান নিয়ে আলাদা বাসায় থাকেন এবং মাঝে মধ্যে তাদের বাড়িতে আসেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এনামুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। পারিবারিকভাবে সমাধান হলে ভালো হয়। এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী বিষয়টি দেখা হবে।