উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কুমিল্লা নগরীতে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। অভিযানে দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ার পর সংশ্লিষ্ট দুই ভবনমালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ঝাউতলা ও বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঝাউতলা এলাকায় ডা. আব্দুল করিমের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ঘটনায় ভবনমালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় নোমান নামের এক ব্যক্তির ভবনে লার্ভা পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনমালিক ও সংশ্লিষ্টদের জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল ধ্বংসের নির্দেশনা দেওয়া হয়।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীর ডেঙ্গুপ্রবণ হটস্পটগুলো চিহ্নিত করে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান চালানো হচ্ছে। এ কার্যক্রম নগরীর বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।