উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এমএস সুব্বুলক্ষ্মীর জীবন এবার বড় পর্দায় তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতরত্নপ্রাপ্ত এই শিল্পীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একাধিক ভারতীয় ভাষায় নির্মিত হতে যাওয়া সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো এমএস সুব্বুলক্ষ্মীর চরিত্রে দেখা যাবে তাকে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মিউজিক একাডেমিতে এমএস সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটির মহরত ও পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান। তার উপস্থিতিতেই সিনেমাটির প্রথম দৃশ্যের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে এমএস সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্যদের পাশাপাশি শাস্ত্রীয় সংগীত ও ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি উপস্থিত ছিলেন।
জানা গেছে, সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালম ভাষায় নির্মাণ ও মুক্তির পরিকল্পনা রয়েছে। নির্মাতা গৌতম তিন্নানুরি প্রায় এক বছর ধরে গবেষণার পর এর চিত্রনাট্য প্রস্তুত করেছেন।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে। সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।
মহরত অনুষ্ঠানে পরিচালক গৌতম তিন্নানুরি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা কাজে লাগিয়ে দ্রুত পরিচিতি পাওয়া সম্ভব। তবে এমএস সুব্বুলক্ষ্মীর সাফল্যের পেছনে ছিল দীর্ঘদিনের সাধনা, ধৈর্য ও ত্যাগ। তার সংগীতের পাশাপাশি ব্যক্তিজীবনের বিভিন্ন অধ্যায়ও দর্শকদের সামনে তুলে ধরাই এই সিনেমার অন্যতম লক্ষ্য।
এমএস সুব্বুলক্ষ্মীর মতো ঐতিহাসিক একজন শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাশমিকা মান্দানা। তিনি বলেন, এই চরিত্রে অভিনয়ের সুযোগকে তার কাছে বিশেষ ও আধ্যাত্মিক অনুভূতি বলে মনে হচ্ছে। এমএস সুব্বুলক্ষ্মীর জীবনের একটি অংশ পর্দায় তুলে ধরতে পারাকে তিনি সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করেন।
রাশমিকা আরও বলেন, চরিত্রটির প্রতি সম্পূর্ণ নিষ্ঠা ও সততা বজায় রেখে অভিনয় করতে চান তিনি। কিংবদন্তি শিল্পীর প্রতি যথাযথ সম্মান রেখেই কাজটি করার প্রতিশ্রুতিও দেন অভিনেত্রী।
অনুষ্ঠানে রাশমিকার প্রশংসা করেন কমল হাসান। এমএস সুব্বুলক্ষ্মীর সংগীত ভারতজুড়ে মানুষের মধ্যে যে সংযোগ তৈরি করেছিল, তা উল্লেখ করে তিনি নতুন প্রজন্মের একজন অভিনেত্রীকে এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখার বিষয়ে নিজের মুগ্ধতার কথা জানান।
রসিকতার ছলে কমল হাসান বলেন, এমএস সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয়ের জন্য রাশমিকা নির্বাচিত হওয়ায় তার কোনো ঈর্ষা নেই। এমনকি নিজের চেহারায় পরিবর্তন আনলেও এই চরিত্রের সঙ্গে তিনি যথাযথভাবে মানিয়ে নিতে পারতেন না—এমন মন্তব্যও করেন তিনি।