উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ নামে নতুন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুযোগ দেওয়া হবে। এ অর্থায়নের মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান থাকতে পারে। তবে ব্যবসার প্রকৃত প্রয়োজন, সম্ভাব্যতা ও প্রস্তাবিত ব্যয় মূল্যায়নের ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট গত ১৩ সেপ্টেম্বর ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ’-এর নীতিমালা প্রকাশ করে। ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
‘উদ্যোগ’ কর্মসূচিতে আবেদন করতে নির্ধারিত ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এগুলো হলো—
সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়া যাবে। যে ব্যাংকে আবেদন করা হবে, সেখানে আগে থেকে ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক নয়। বাংলাদেশ ব্যাংক প্রতিটি উপজেলার তফসিলি ব্যাংকের শাখাগুলোর মধ্য থেকে একটি লিড ব্যাংক নির্ধারণ করবে। উপজেলা পর্যায়ের আবেদন লিড ব্যাংক এবং জেলার আবেদন জেলা লিড ব্যাংকের মাধ্যমে সমন্বয় করা হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
কর্মসূচিতে নির্বাচিত উদ্যোক্তার ব্যবসার জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রয়েছে। তবে প্রত্যেক আবেদনকারী ২০ লাখ টাকা পাবেন—এমন নিশ্চয়তা নেই। নীতিমালা অনুযায়ী, ঋণ ও অনুদানের অনুপাত হবে ৫০:৫০। যেমন কোনো উদ্যোক্তার ব্যবসার জন্য ১২ লাখ টাকা প্রয়োজন হলে তিনি সর্বোচ্চ ৬ লাখ টাকা ব্যাংকঋণ এবং ৬ লাখ টাকা অনুদান পেতে পারেন। চূড়ান্ত মনোনয়ন পেলেই ঋণ নিশ্চিত হবে না। সংশ্লিষ্ট ব্যাংক নিজস্ব ঋণনীতি ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করে ১৫ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদনের ব্যবস্থা করবে। ঋণের আবেদন প্রত্যাখ্যান হলে এর কারণ লিখিতভাবে সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
এই কর্মসূচির আওতায় অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে। প্রত্যেক আবেদনকারীকে আর্থিক সাক্ষরতা কর্মসূচির আওতায় আনা হবে। নির্বাচিত উদ্যোক্তারা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ট্রেড লাইসেন্স ও টিআইএনসহ ব্যবসা নিবন্ধনে সহায়তা, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারসংযোগের সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত ও উপজেলায় থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। কর্মসূচিতে সুবিধা পেতে কোনো ধরনের তদবির করা যাবে না। তদবিরের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হবে। পাশাপাশি ব্যাংকগুলোকে গ্রাহক পরিচিতি যাচাই, সিআইবি ও লেনদেন তদারকির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে।