উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হাতে জ্বালানি তেল আমদানির অর্থ আছে আর মাত্র ১৫ দিনের। এরপর অর্থসংকটে তেল আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেল আমদানি স্বাভাবিক রাখতে বিপিসিকে প্রথমবারের মতো ৪ থেকে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী, জ্বালানি সচিব, বিপিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে ভর্তুকির পরিমাণ চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের আরও বিস্তারিত হিসাব দিতে বলা হয়েছে।
বৈঠকে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই বলেও জানানো হয়।
জ্বালানি বিভাগের একটি সূত্রের বরাতে জানা গেছে, বিপিসির ব্যাংক হিসাবে বর্তমানে প্রায় ১২ হাজার ৩৬৮ কোটি টাকা রয়েছে। এ অর্থ দিয়ে কোনোভাবে সেপ্টেম্বরের জ্বালানি তেল আমদানি করা সম্ভব হলেও অক্টোবরের যেকোনো সময় আমদানি বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।
সম্প্রতি বিপিসি এ বিষয়ে সরকারকে অবহিত করে। সংস্থাটি জানিয়েছে, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারদর বেড়ে যাওয়ায় বেশি দামে তেল কিনতে হচ্ছে। অন্যদিকে দেশে তুলনামূলক কম দামে বিক্রি করায় বিপিসিকে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে।
তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে প্রতি লিটার ডিজেলে সরকারের ৯০ টাকার বেশি লোকসান হচ্ছে। এতে প্রতিদিন বিপিসির লোকসান দাঁড়াচ্ছে প্রায় ১৩০ থেকে ১৩৫ কোটি টাকা।
দেশে বছরে প্রায় ৭০ লাখ টন জ্বালানি তেল ব্যবহার হয়। এর মধ্যে ডিজেলের ব্যবহার ৪৫ লাখ টনের বেশি।
বেশি দামে জ্বালানি তেল কিনে কম দামে বিক্রি করায় গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসি নিজস্ব তহবিল থেকে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান দিয়েছে বলে সংশ্লিষ্ট হিসাব থেকে জানা গেছে। এর মধ্যে এপ্রিল মাসে প্রায় ৭ হাজার ৮৬৬ কোটি এবং জুনে ৬ হাজার ১৯৮ কোটি টাকা লোকসান হয়েছে। চলতি সেপ্টেম্বরেও লোকসান ৫ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিপিসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিলে জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয়েছিল ৪ হাজার ১৯৫ কোটি টাকা। মে মাসে ৪ হাজার ১৮২ কোটি এবং আগস্টে ২ হাজার ৭৪০ কোটি ৬২ লাখ টাকা ব্যয় হয়।
অন্যদিকে ২০২৬ সালে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বছরের এপ্রিলে তেল আমদানির বিল পরিশোধ করা হয়েছে ৮ হাজার ১৩৫ কোটি টাকা, মে মাসে ১৩ হাজার ৪৮৫ কোটি এবং আগস্টে ৭ হাজার ৬০৩ কোটি টাকা।
বিপিসির ব্যয় বাড়ার ক্ষেত্রে আমদানি শুল্কও বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগে ট্যারিফ ভ্যালুর ওপর শুল্ক নির্ধারণ করা হলেও বর্তমানে ইনভয়েস ভ্যালুর ওপর শুল্ক নেওয়া হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানি শুল্কও বেড়ে যাচ্ছে।
হিসাব অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতি লিটার তেল আমদানিতে শুল্ক ছিল ১৮ টাকা ৩৬ পয়সা। মার্চে তা বেড়ে দাঁড়ায় ৩৮ টাকা ৬৪ পয়সায়। এপ্রিলে ৩৮ টাকা ৯০ পয়সা এবং আগস্টে ৩২ টাকা ৪৪ পয়সা শুল্ক দিতে হয়েছে।
বর্তমান আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল আমদানিতে বিপিসির মোট ব্যয় প্রায় ২০৫ টাকা। এর মধ্যে প্রায় ৪০ টাকা শুল্ক হিসেবে যাচ্ছে।
বিপিসি অর্থ বিভাগকে জানিয়েছে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট (ইআরএল-২)সহ বিভিন্ন প্রকল্পের জন্য চলতি বছর বিভিন্ন ব্যাংক থেকে ১৯ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলন করে জ্বালানি তেল আমদানির ব্যয় মেটানো হয়েছে।
বর্তমানে বিপিসির মূল হিসাবে রয়েছে ১২ হাজার ৩৬৮ কোটি টাকা। ইআরএল-২ প্রকল্পের জন্য সংরক্ষিত অর্থ রয়েছে আরও ১ হাজার ৬৭৯ কোটি টাকা।
নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করে অন্তত দুই মাসের তেল আমদানির অর্থ বিপিসির হিসাবে থাকার কথা। সে হিসাবে সংস্থাটির হাতে প্রায় ২০ হাজার কোটি টাকা থাকার প্রয়োজন। কিন্তু বর্তমানে সেই অর্থ নেই।
সংশ্লিষ্টরা বলছেন, দুই মাসের আমদানি ব্যয়ের অর্থ না থাকলে ব্যাংক থেকে এলসি খোলার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।
বিপিসির সামনে আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কিছু বড় ব্যয় রয়েছে। এলপিজি প্ল্যান্ট স্থাপনের জন্য জমি অধিগ্রহণে ৫২৪ কোটি টাকা এবং সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের ঋণের কিস্তি বাবদ ৬৯০ কোটি টাকা পরিশোধ করতে হবে। এ ছাড়া অন্যান্য প্রকল্পে আরও প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ের প্রয়োজন হতে পারে।
এর আগে বিপিসি সরকারের কাছে জ্বালানি তেলের দাম বাড়ানো, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমদানি শুল্ক প্রত্যাহার এবং এরই মধ্যে হওয়া প্রায় ২২ হাজার কোটি টাকার লোকসান ভর্তুকি হিসেবে দেওয়ার সুপারিশ করেছিল।
তবে বৃহস্পতিবারের বৈঠকে আপাতত জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানি স্বাভাবিক রাখতে বিপিসিকে ৪ থেকে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।