উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লঞ্চের হর্ন আর নদীর ঢেউয়ের শব্দ ছাপিয়ে হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাটে ছড়িয়ে পড়ে বাউলগানের সুর। লালন ও লোকসংগীতের মূর্ছনায় শুক্রবার রাতের ব্যস্ত লঞ্চঘাট পরিণত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক মঞ্চে। যাত্রীদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীরাও দাঁড়িয়ে উপভোগ করেন গান।
সাংস্কৃতিক সংগঠন ‘আনমনা প্রাঙ্গণ’-এর উদ্যোগে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট এলাকায় আয়োজন করা হয় ‘বাউল সন্ধ্যা’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এ আয়োজনে লালন শাহ, সিরাজ শাহসহ বিভিন্ন বাউল ও লোকসংগীত পরিবেশন করেন শিল্পীরা।
অনুষ্ঠান ঘিরে লঞ্চঘাট এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। লঞ্চে যাতায়াতের জন্য ঘাটে আসা যাত্রীদের অনেকেই কিছু সময়ের জন্য থেমে গান উপভোগ করেন। দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে বাউলগানের সুরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হোসেন সজল, সংগঠনটির সভাপতি মো. জুনায়েদ, সাধারণ সম্পাদক শাহনাজ হীরা, সহসভাপতি তাহের মাহমুদ ও গোবিন্দ চন্দ্র মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সংগীতশিল্পী আনোয়ার হোসেন, নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়লসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগীতশিল্পী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু, অ্যাডভোকেট শাহআলম সানু, আব্দুর রহমান হিরণ, আবৃত্তিশিল্পী হোসনে আরা ঝুমুর, সুমন শেখ, হিরণ কিরণ থিয়েটারের সাধারণ সম্পাদক মো. শামীম শেখ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আজিজা খাতুন মিতা, নৃত্যশিল্পী পরিষদের সুমী আক্তার, নুরুন্নবী মুন্না, লিপু শিকদার, জুনায়েদ আহম্মেদ পলক, জিনাত জাওহারা, নৃত্যশিল্পী মনিকা, সুমাইয়া বৃষ্টি, সালাউদ্দিন বাবুল, আশরাফ আলী, জহিরুল ইসলাম, অ্যাডভোকেট মনির হোসেন ও মাসুদ অর্ণবসহ অনেকে।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন আনোয়ার হোসেন, শিশির রহমান, সালাউদ্দিন বাবুল, শহিদুল ইসলাম মালেক, শান্ত, অন্তর, সৌম্য মণ্ডল ও বাউল জাহাঙ্গীরসহ বিভিন্ন শিল্পী।
আয়োজকেরা বলেন, বাউল ও লোকসংগীতের চর্চা ছড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের কাছে দেশীয় সংস্কৃতিকে আরও পরিচিত করে তুলতেই এ আয়োজন।