উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘৌড়দৌড় পদ্মাবতী পার্ক ও বাজার এলাকায় আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। আব্দুস সালাম আজাদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি। বাড়ি, কর্মস্থল ও আশপাশে যেন কোথাও পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর রাখতে হবে। পাশাপাশি ময়লা-আবর্জনা অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। নিয়মিত জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
পরে ঘৌড়দৌড় পদ্মাবতী পার্ক ও বাজারের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি ফগার মেশিনও দেওয়া হয়।
লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।