উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর ঢাকাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে মোটরসাইকেলে বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে।
ঢাকার গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশ ও বের হওয়ার পথসহ বিভিন্ন এলাকায় ২০০টির বেশি চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকটি মামলা হয়েছে, আরও কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কাফরুল থানার সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায়ও মামলা হয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার এবং প্রবেশপথগুলোতে ২০০টির বেশি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি চলছে। নিয়মিত টহলের পাশাপাশি মোটরসাইকেলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
তার ভাষ্য, অবৈধ মোটরসাইকেল চলাচল ঠেকানোর পাশাপাশি মোটরসাইকেল ব্যবহার করে কেউ যাতে নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার ও বিটিভি ভবনের আশপাশে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। যাত্রাবাড়ীতে বিস্ফোরণে ইবাদুর রহমান নামে এক রিকশাচালক আহত হন। এছাড়া কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এদিকে শুক্রবার ফার্মগেট এলাকার একটি মসজিদ থেকে নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে ডিএমপি।