উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের ব্যাডমিন্টন কোর্টে নিজের আগমনের জানান দিয়েছিলেন আয়মান ইবনে জামান। ২০১৩ সালের বাংলাদেশ গেমসে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়ে যে যাত্রা শুরু, পরে জাতীয় চ্যাম্পিয়নশিপের আরও দুটি শিরোপা যোগ হয় সেই সাফল্যের তালিকায়। উচ্চশিক্ষার জন্য একসময় পাড়ি জমান যুক্তরাষ্ট্রে; কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স শেষে শুরু করেন সফটওয়্যার প্রকৌশলীর পেশাজীবন। কিন্তু হাজার মাইল দূরে থাকলেও দেশের হয়ে খেলার স্বপ্নটা হারিয়ে যায়নি। প্রায় নয় বছর পর সেই টানেই আবার বাংলাদেশের কোর্টে ফিরেছেন মুন্সীগঞ্জের আয়মান। এবার সেই প্রত্যাবর্তনের পর নতুন স্বপ্ন নিয়ে জাপানে—এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে নামতে।
শুক্রবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের সতীর্থদের সঙ্গে জাপানের উদ্দেশে রওনা দেন আয়মান। তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন এই শাটলার বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের বড় ছেলে।
শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের ও তার সতীর্থদের কয়েকটি ছবি প্রকাশ করে তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কামরুজ্জামান রতন। তিনি বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের নিরাপদ যাত্রা, কল্যাণ ও সাফল্য কামনা করেন।
আয়মানের ব্যাডমিন্টনে পথচলা শুরু বাংলাদেশেই। ২০১৩ সালের বাংলাদেশ গেমসে মাত্র ১৫ বছর বয়সে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন তিনি। এরপর ২০১৪ ও ২০১৬ সালের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও পুরুষ এককে শিরোপা জেতেন। যুব ও সিনিয়র—দুই পর্যায়েই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
উচ্চশিক্ষার জন্য ২০২০ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন আয়মান। পরে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কও ধরে রাখেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিযোগিতায় অংশ নিয়ে শিরোপাও অর্জন করেন।
তবে পেশাজীবন ও প্রবাসের ব্যস্ততার মধ্যেও দেশের হয়ে খেলার আকাঙ্ক্ষা থেকে যায়। চলতি বছর জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দীর্ঘ বিরতির পর বাংলাদেশের প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনে ফেরেন তিনি। এরপর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ তৈরি হয়।
আয়মানের নিজের ভাষায়, দেশের হয়ে খেলাই তার কাছে সবচেয়ে বড় প্রেরণা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি। এখান থেকেই আমার খেলা শুরু করেছিলাম। এখন আমার যে পারফরম্যান্স, সেটা আমি দেশের হয়ে খেলতে চাই। আমি ইউএসএ-এর হয়ে খেলতে চাই না। যেখানে আমি জন্মেছি, সে দেশের হয়ে খেলতে চাই।’
সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করলেও ব্যাডমিন্টনে আরও বেশি মনোযোগ দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন আয়মান। বাংলাদেশের জন্য কিছু করতে চান তিনি। দেশের তরুণ শাটলারদের সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ, আধুনিক প্রশিক্ষণ, পুষ্টি ও আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে বলে মনে করেন এই খেলোয়াড়।
আর এখন সেই স্বপ্নেরই আরেকটি ধাপ। বাংলাদেশের জার্সি গায়ে জাপানের কোর্টে নামবেন আয়মান ইবনে জামান। যে দেশের মাটিতে ১৫ বছর বয়সে তার সাফল্যের গল্প শুরু হয়েছিল, প্রায় এক যুগ পর সেই দেশের হয়েই এশিয়ান গেমসের আন্তর্জাতিক মঞ্চে নতুন অধ্যায় লিখতে যাচ্ছেন মুন্সীগঞ্জের এই শাটলার।