উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার মধ্যে নগর ও আশপাশের দুই উপজেলায় এডিস মশার লার্ভার উপস্থিতি পেয়েছে স্বাস্থ্য বিভাগের জরিপ। এসব এলাকায় পাওয়া লার্ভার মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ এডিস ইজিপ্টাই এবং ২০ থেকে ৩০ শতাংশ এডিস অ্যালবোপিকটাস বলে শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরে গত জুনে একটি জরিপ পরিচালনা করা হয়। পরে জুলাই ও আগস্টে সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলায় ডেঙ্গু রোগী বাড়তে থাকলে সেখানেও জরিপ চালানো হয়। জরিপে নগর ও দুই উপজেলায় বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, নির্মাণসামগ্রী, পুরোনো টায়ার, যন্ত্রাংশ এবং বিভিন্ন পাত্রে এডিস মশার লার্ভা পাওয়া যায়। নগরের জুনের জরিপে প্রতি চারটি বাড়ির একটিতে এডিস মশার লার্ভা পাওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে সীতাকুণ্ড ও কর্ণফুলীর জরিপের আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।
চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন সৌনম বড়ুয়া বলেন, কর্ণফুলীর বিভিন্ন বাড়ির উঠান এবং সীতাকুণ্ডের দোকানের সামনে পড়ে থাকা যন্ত্রাংশ, কৌটা ও টায়ারে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেছে। এর মধ্যে এডিস ইজিপ্টাইয়ের উপস্থিতি বেশি ছিল। পাশাপাশি এডিস অ্যালবোপিকটাসের লার্ভাও পাওয়া গেছে। এসব স্থান পরিষ্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।
জেলা কীটতত্ত্ববিদ (ভারপ্রাপ্ত) সৈয়দ মো. মঈন উদ্দীন বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। সীতাকুণ্ডে জাহাজের বিভিন্ন সামগ্রী বিক্রির দোকানের সামনে পড়ে থাকা ফ্রিজ, যন্ত্রাংশ ও কৌটায় জমে থাকা পানিতে লার্ভা পাওয়া গেছে। কর্ণফুলীতে বাড়ির উঠান, পুরোনো টায়ার, ফুলের টব ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতেও লার্ভা পাওয়া যায়।
কীটতত্ত্ববিদদের মতে, এডিস মশা সাধারণত দিনের বেলায় বেশি সক্রিয় থাকে। বিশেষ করে ভোরের পর এবং সন্ধ্যার আগে এদের কামড়ানোর প্রবণতা বেশি। এডিস ইজিপ্টাই সাধারণত মানুষের বসতির আশপাশে এবং ঘরের ভেতর-বাইরে থাকে। অন্যদিকে এডিস অ্যালবোপিকটাস তুলনামূলকভাবে ঘরের বাইরে, ঝোপঝাড় ও গাছপালার আশপাশে বেশি দেখা যায়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শুধু রাতের সময় মশার কামড় থেকে সুরক্ষার কথা ভাবলে হবে না। দিনের বেলায় ঘুম বা বিশ্রামের সময়ও মশারি ব্যবহার এবং সম্ভব হলে ফুলহাতা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
এডিস ইজিপ্টাই ডেঙ্গুর প্রধান বাহক হিসেবে পরিচিত। অন্যদিকে এডিস অ্যালবোপিকটাস ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ারও বাহক হতে পারে। ফলে দুই প্রজাতির মশার প্রজননস্থল ধ্বংস করাকে গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরেই মারা গেছেন ১১ জন। একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ জনে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৪ জন। স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত বছরের তুলনায় চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে বেড়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, দিনের বেলায় ঘুম বা বিশ্রামের সময়ও মশারি ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে ফুলহাতা পোশাক পরতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়। তিনি বলেন, ডেঙ্গুর বাহক মশার উপস্থিতি শনাক্ত হওয়ায় এখন মানুষের সচেতনতা বাড়ানো জরুরি।