উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ আট দফা দাবিতে ১১ দলের লং মার্চের সমাপনী সমাবেশকে ঘিরে রংপুরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠে মঞ্চ তৈরির পাশাপাশি মাঠ ও আশপাশের সড়কে বসানো হয়েছে মোট ২০০টি মাইক। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই সমাবেশস্থল ও নগরীর বিভিন্ন সড়কে নেতা-কর্মী ও সমর্থকদের আনাগোনা বাড়তে থাকে। এতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাপনী সমাবেশে ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। রংপুর বিভাগের আট জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করছেন তারা। সমাবেশের সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মী অমূল্য চন্দ্র রায় বলেন, সমাবেশকে কেন্দ্র করে মোট ২০০টি মাইক বসানো হয়েছে। এর মধ্যে মাঠের ভেতরে ৮০টি এবং মাঠের বাইরে বিভিন্ন সড়কে ১২০টি মাইক রয়েছে। মঞ্চ তৈরি ও মাইক স্থাপনের কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।
সমাপনী সমাবেশ বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ও জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক বলেন, আট দফা দাবিতে ১১ দলের লং মার্চ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়েছে। এর সমাপনী সমাবেশ হবে রংপুর জিলা স্কুল মাঠে।
তিনি জানান, সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। বিকেল ৫টার দিকে সমাবেশের মূল কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।আয়োজকদের দাবি, রংপুর বিভাগের আট জেলা থেকে অন্তত পাঁচ লাখ নেতা-কর্মী ও সাধারণ মানুষের সমাগম হতে পারে। এদিকে পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে আসা মাইদুল ইসলাম জানান, সমাবেশে ভালো জায়গা পেতে তিনি শুক্রবার রাতেই রংপুরে আসেন। শনিবার দুপুর ১২টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।
১১ দলের এই কর্মসূচিতে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি রয়েছে।
রংপুরের কর্মসূচিতে এর সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত হয়েছে। এর ফলে জাতীয় দাবির পাশাপাশি উত্তরাঞ্চলের একটি দীর্ঘদিনের আঞ্চলিক দাবিও এবারের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চেও ১১ দল ছয় দফা দাবি সামনে রেখেছিল।