উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খাবারসহ বিভিন্ন জিনিস চুরির অভিযোগে মারধরের ঘটনায় মো. আজমুল হোসেন (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের হলরোডসংলগ্ন ইসলামনগর এলাকার একটি চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আজমুল নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা এলাকায়। হাসপাতাল সূত্র জানায়, রাত দেড়টার দিকে কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় আজমুলকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা দ্রুত সেখান থেকে চলে যান।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন খুলনা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর ভাষ্য, আজমুলকে খাবারসহ বিভিন্ন জিনিস চুরির অভিযোগে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একপর্যায়ে তিনি পোশাক, জুতা ও টাকা নেওয়ার কথা স্বীকার করেছিলেন বলে দাবি করা হয়। ওই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, আজমুলকে লাউডস্পিকারের মাধ্যমে তার বাবার সঙ্গে কথা বলানো হয়। ফোনে তিনি চুরির অভিযোগে ধরা পড়ার কথা জানান। পরে তার বাবাকে ঘটনাস্থলে এসে বিষয়টি দেখার জন্য বলা হয়।
পরিবারের দাবি, মারধরের পর আজমুলের বাবার কাছে ফোন করে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়েছিল। নিহতের বাবা কুতুবউদ্দিন বলেন, রাতে তাকে ফোন করে ঘটনার কথা জানানো হয় এবং পরে এক লাখ টাকা চাওয়া হয়। এরপর তিনি একাধিকবার ফোন করলেও কেউ ফোন ধরেননি। পরে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খুলনায় এসে তিনি জানতে পারেন, তার ছেলেকে মারধর করে হত্যা করা হয়েছে। তবে ঘটনাস্থলের কয়েকজন তার ছাদ থেকে লাফ দেওয়ার কথা বলেছিলেন বলেও জানান তিনি।
হাসপাতাল সূত্র আরও জানায়, আজমুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার মাথার এক পাশের চুলও কাটা ছিল বলে হাসপাতাল সূত্রের দাবি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলেছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, তারা ঘটনাটি জানতে পেরেছেন। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।