উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগে তালহা আহমেদ অভি (২৫) নামে এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তালহা আহমেদ অভি সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি। স্থানীয়দের অভিযোগ, পাটলাই নদীতে চলাচলকারী কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন তালহা। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয় বলে জানা গেছে।
এরপর বিকেলে সুলেমানপুর এলাকায় স্থানীয়রা তালহাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, তালহার বিরুদ্ধে পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে আরও কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসনাত চৌধুরী বলেন, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।
তবে তালহার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।